রাজধানীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
রাজশাহীতে শিক্ষার্থীদের পিটুনিতে যুবক নিহত
আরও তিন জেলায় তিনজনের মরদেহ উদ্ধার
সমকাল ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৭:৩৫
| প্রিন্ট সংস্করণ
চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যান্টিনের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। এদিন রাতে রাজধানীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া তিন জেলায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজশাহীতে নিহত যুবকের নাম রাকিবুল হাসান রকি (৩২)। তিনি নগরের হেতেম খাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। পানির পাইপলাইন মেরামত মিস্ত্রির কাজ করতেন রাকিবুল। তাঁকে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার গ্রেপ্তার তিনজন হলেন– রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির অভিযোগে রাকিবুলকে আটক করেন কয়েক শিক্ষার্থী। পরে তাঁকে স্টাম্প দিয়ে মারধর করা হয়। এতে তাঁর দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। রাত সাড়ে ৮টার দিকে রাকিবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত সম্পন্নের পর গতকাল তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, হত্যার কোনো ক্লু ছিল না। নিহতের পরিবার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে মামলা করে। পরে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখে, নার্সিং কলেজের শিক্ষার্থীরা রাকিবুলকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন। সেই ফুটেজ দেখে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
রাজধানীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় নবারুণ গলির একটি বিদ্যালয়ের সামনে তাঁর ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল কুদ্দুস মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। পূর্ব জুরাইন দারোগাবাড়ী সড়কের ভাড়া বাসায় থাকতেন। কদমতলী থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে পরিচিতরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহতের ছোট ভাই আব্দুল হাশেম জানান, বৃহস্পতিবার রাতে জুরাইন পপি স্কুলের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন কুদ্দুস। হঠাৎ ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত চায়ের দোকানে ঢুকে প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায়। কুদ্দুসকে হাসপাতালে নেওয়া বাড়ির মালিক কামাল সিকদারের ভাষ্য, স্থানীয় মাদক কারবারি মনির ও ফিরোজের সঙ্গে কুদ্দুসের বাগ্বিতণ্ডা হয়েছিল। এক মুদি দোকানির মাধ্যমে মাদক বিক্রি নিয়ে বিরোধ দেখা দেয়।
মোহাম্মদপুরে স্থানীয় ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
গৃহবধূর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিয়ের সাত মাসের মাথায় খাদিজা সুলতানা কাশপি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
খাদিজা একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিলের মেয়ে। তার বয়স ১৪ বছর। ৭ নম্বর ওয়ার্ডের হাজী মাঝির বাড়ির আব্দুস সালামের ছেলে মোহাম্মদ মারুফের স্ত্রী খাদিজা। পারিবারিক সূত্রে জানা গেছে, সাত মাস আগে বিয়ে করেন মারুফ ও খাদিজা। মাস দুয়েক ধরে মালঘর বাজার এলাকায় ভাড়া বাসায় থাকা শুরু করেন তারা।
খাদিজার মা শাহিনুর আক্তার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর ফোন করে মারুফ আমাকে জানায়, ‘আপনার মেয়ে অসুস্থ’। এরপর দ্রুত তাদের বাসায় গিয়ে দেখি, খাদিজা বিছানায় পড়ে আছে। তখন মারুফ বলে, ‘সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে’। খাদিজাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই আমরা। এক ফাঁকে হাসপাতাল থেকে মারুফ পালিয়ে যায়।
নদীর তীরে যুবকের মরদেহ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী নদীর তীর থেকে শফিক মিয়া (৩১) নামের বিশেষ চাহিদাসম্পন্ন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন– হান্নান ও ফরহাদ।
ডোবায় ব্যবসায়ীর মরদেহ
সাতক্ষীরার কলারোয়ায় মেহেদী হাসান (৩২) নামে এক মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের পেছনে মোবাইল ফোন টাওয়ারের পাশের ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই
নীলফামারীর ডিমলায় জামিয়ার রহমান নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ২০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে তিস্তা সেচ প্রকল্পের সোনাখুলী স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
(সমকাল প্রতিবেদক এবং সংশ্লিষ্ট প্রতিনিধি ও সংবাদদাতার তথ্য)
- বিষয় :
- হত্যা
