উপকূল রক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি
উপকূলের সংকট নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা ও বাজেটে বিশেষ বরাদ্দ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ০৭:৪৩
| প্রিন্ট সংস্করণ
দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতারা। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং মানবসৃষ্ট পরিবেশগত চাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন ও ভূমিক্ষয়ের কারণে পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য এবং স্থানীয় জনগণের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গবেষণা সংস্থা ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিআরডিএফ) এবং নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে সভাপতির বক্তব্যে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, উপকূলে একের পর এক দুর্যোগ আঘাত হানছে এবং লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানি ও খাদ্য সংকট তীব্র হচ্ছে। এতে মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। এ অবস্থায় উপকূলীয় জনগণের জীবন ও জীবিকা রক্ষায় সরকার, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।
ডিআরডিএফের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলী বলেন, দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যে উপকূলীয় অঞ্চলের অবদান গুরুত্বপূর্ণ। বাজেটে এ অঞ্চলের জন্য আলাদা পরিকল্পনা এবং বরাদ্দের ঘাটতি রয়েছে।
সমাবেশে বক্তারা ২১ দফা দাবি তুলে ধরা হয়। আরও বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতা রুহিন হোসেন প্রিন্স, ধরার সদস্য সচিব শরীফ জামিল, শিক্ষক নেতা আকমল হোসেন, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীন, ন্যাশনাল ক্লাইমেট অ্যাকশন ফোরামের প্রতিনিধি শাকিল আহমেদ।
- বিষয় :
- দাবি
