দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীতে কৃষিবিদদের বিক্ষোভ মিছিল
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২২:১৫
এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে। সংগঠনটির নেতারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সেসব কর্মকাণ্ডের নিন্দা জানান।
মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়ি এলাকায় এ্যাবের উদ্যোগে কৃষিবিদ ইনস্টিটিউট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে খামারবাড়ি সড়কে গণজমায়েত অনুষ্ঠিত হয়।
গণজমায়েতে বক্তব্য দেন এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার এবং সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লব। তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালানোর অভিযোগ করেন এবং এসব কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দেন।
ড. কামরুজ্জামান কায়সার বলেন, দেশ পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে তাঁরা মনে করেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষিবিদদের রাজপথে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
শাহাদাত হোসেন বিপ্লব বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কথিত দেশবিরোধী কর্মকাণ্ড মোকাবিলায় কৃষিবিদ সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। এ্যাব কৃষিবিদদের সঙ্গে নিয়ে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান নেবে।
এ সময় এ্যাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন চঞ্চল, সদস্য অধ্যাপক জামশেদ আলম রিপন, নুরুন্নবী শ্যামল, টিপু, আশরাফ, ফেরদৌস, সবুর, আমান, সৈকত, চন্দন, মাসুম, মাহবুবুর রশীদ, বাছিরুল হক মিঠু, শাহ এমরান রানা, আহসান হাবীব, মাসুম বিল্লাহ সুমন, ওসমান গনি, আব্দুল মান্নান, আতিকুর রহমান মিঠু, ডা. তারেক, সারোয়ার, রুপক, সিদ্দিক, বাবু, হারুন, বোরহান, শাহাদাত, জুয়েলসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কৃষিবিদেরা উপস্থিত ছিলেন।
