ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পাঁচ বছরে ৫ লাখ গাছ রোপণ করবে অ্যাব

পাঁচ বছরে ৫ লাখ গাছ রোপণ করবে অ্যাব
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২১:৩২

প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পাঁচ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাবের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন।

সভায় অ্যাবের সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, আগামী পাঁচ বছরে সংগঠনের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় অন্তত পাঁচ লাখ গাছের চারা রোপণ করা হবে। এ জন্য জেলা পর্যায়ের নেতাদের দায়িত্ব দেওয়া হবে। শুধু গাছ লাগানো নয়, রোপণের পর যথাযথ পরিচর্যার বিষয়টিও নিশ্চিত করা হবে বলে জানান তিনি। জাতীয়তাবাদী মনোভাবাপন্ন কৃষিবিদেরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার আগামী বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ বিষয়ে বিএনপির সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষিবিদদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় রুহুল কবির রিজভী অ্যাবের বৃক্ষরোপণ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের নেতাদের ধন্যবাদ জানান এবং এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরতে একটি সেমিনারের আয়োজনের পরামর্শ দেন।

আলোচনা শেষে আগামী ২৯ জুন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন রুহুল কবির রিজভী।

সভায় অ্যাবের দপ্তরবিষয়ক সদস্য প্রফেসর জামশেদ আলম রিপন, কৃষিবিদ নুরুন্নবী শ্যামল, প্রফেসর সাইফুল্লাহ সোহাগ, ডা. আতিকুর রহমান মিঠু, শাহ এমরান রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×