খামেনির শেষকৃত্যে অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলও যাবে
হাফিজ উদ্দিন আহমদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৮:০২
| প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যে অংশ নেবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামীকাল বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে দেশটির উদ্দেশে রওনা হবেন। গতকাল বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ৪ জুলাই তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যের আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। তাঁর জানাজায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন। স্পিকার ছাড়াও জাতীয় সংসদের কয়েক সদস্য নিজ উদ্যোগে খামেনির জানাজায় অংশ নেবেন বলে জানা গেছে।
জানাজায় অংশ নেবেন জামায়াতের প্রতিনিধিও
আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। দলটির নায়েবে আমির মুজিবুর রহমানের নেতৃত্বে চার জামায়াত নেতা ৩ জুলাই তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে খামেনির শেষ বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন দলীয় প্রতিনিধিরা। জামায়াতের এমপি মো. নুরুল আমীন ও ড. মো. কেরামত আলী এমপি এবং দলীয় ডা. এসএম খালিদুজ্জামান তেহরান যাবেন। তারা ইরানের শীর্ষ নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের কর্তৃপক্ষ আশা করছে, জানাজা ও দাফনে প্রায় দুই কোটি মানুষের সমাগম হবে।
ইরান সরকার জানিয়েছে, ৪ থেকে ৯ জুলাই আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা হবে। তেহরান, কোম ও মাশহাদ– এই তিন শহরে কয়েক দিন ধরে জানাজা ও শেষকৃত্যের অনুষ্ঠান চলবে। ৪ জুলাই রাজধানী তেহরান ও পবিত্র নগরী কোমে জানাজা হবে। কোম শহরে আরেকটি জানাজা হতে পারে। এরপর খামেনিকে ৯ জুলাই তাঁর নিজ শহর মাশহাদে ইমাম রেজা (রহ.) মাজারে দাফন করা হবে।
- বিষয় :
- স্পিকার
