ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির

জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৮:২০

| প্রিন্ট সংস্করণ

জাপান যাওয়ার উদ্দেশে ফেনীর বাড়ি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক প্রবাসী দম্পতি। দুর্বৃত্তরা নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজার কাছে তাদের জিম্মি করে ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ও দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। ফলে তাদের জাপান যাওয়া হয়নি।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় মামলা করেন জাপান প্রবাসী আরমান হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক। আরমান হোসেন তাঁর স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জাপান যাওয়ার উদ্দেশে মাইক্রোবাসে করে ফেনী থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় পাঁচ-ছয়জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে। গাড়িটি থামানো মাত্র প্রবাসী আরমান ও তাঁর পরিবাবের সদস্যদের মারধর করে সঙ্গে থাকা ১৫ ভরি সোনা, আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন, পাসপোর্ট ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। লুট হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সামসুজ্জামান এ সময় ছিলেন নিজের মোটরসাইকেলে। তিনি বলেন, একই পথে ঢাকা যাওয়ার সময় দূরে পাঁচ-ছয়জনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ কারণে সামনে এগিয়ে যাওয়ার সাহস পাননি। মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে ছিলেন। তখন মাইক্রোবাস আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাঁর ভাষ্য, ঘটনার সময় আশপাশে লোকজন থাকলেও কেউ ভুক্তভোগীদের সাহায্যে এগিয়ে আসেননি।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখের দাবি, ছিনতাইয়ের ঘটনাটি মেঘনা টোল প্লাজার অংশে পড়লেও মহাসড়কে হয়নি। এটি ঘটেছে মহাসড়কের পাশে নিচের একটি সড়কে। সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
তিন বাড়িতে ডাকাতি
পিরোজপুরের স্বরূপকাঠিতে গত বুধবার রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে স্বরূপকাঠি পৌরসভা ও সদর ইউনিয়নের অলংকারকাঠি গ্রামে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ডাকাতরা অলংকারকাঠি গ্রামের তপু কাজীর ঘরের পিছনের দরজা ভেঙে ঢুকে পড়ে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মতো পণ্য লুটে নেয়। পরে তারা দরজা ভেঙে তপুর ভাই লিটু কাজীর ঘরে ঢুকে একটি সোনার আংটি, রূপার চেইন, নূপুর ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়।
এর কয়েক ঘণ্টা পর স্বরূপকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুস সালামের বাড়িতে ডাকাতি হয়। দুর্বৃত্তরা বাড়ির লোকজনকে জিম্মি করে আলমারি ভেঙে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুটে নেয়।

স্বরূপকাঠি থানার ওসি মো. মেহেদী হাসান জানিয়েছেন, ডাকাতিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। ভুক্তভোগী পরিবারগুলোকে লিখিত অভিযোগ দিতে বলেছেন।
হাওরে দুটি নৌ ডাকাতি
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি নৌ ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় নবজাতকের মরদেহবাহী ট্রলারে প্রথম ডাকাতির ঘটনাটি ঘটে। এ সময় ডাকাতরা ট্রলারে থাকা সোলার প্যানেলের ব্যাটারি ও লক্ষাধিক টাকার মালপত্র লুটে নেয়। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনার বর্শিকুড়া-শেরপুর সেতু-সংলগ্ন বগাডুবি খালের কাছে ঘটে ডাকাতির দ্বিতীয় ঘটনাটি।
ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাননি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন

×