ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আনন্দমুখর রথযাত্রা উৎসব শুরু

আনন্দমুখর রথযাত্রা উৎসব শুরু
×

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৮:৫৪

| প্রিন্ট সংস্করণ

আনন্দমুখর পরিবেশে গতকাল বৃহস্পতিবার সারাদেশে রথযাত্রা উৎসব শুরু হয়েছে। উৎসবের অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় রথের শোভাযাত্রা বের হয়। পাশাপাশি মেলা, ধর্মীয় আলোচনা সভা, প্রার্থনা, পদাবলি কীর্তন, ভাগবতকথা, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটক, বৈদিক নৃত্য, শিশু-কিশোরদের প্রতিযোগিতা এবং প্রসাদ বিতরণ কর্মসূচি নেওয়া হয়।  

প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। 
জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজনে বাংলাদেশে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য মহোৎসব গতকাল শুরু হয়। ইসকনের রাজধানীর স্বামীবাগ আশ্রম মন্দির প্রাঙ্গণে সকাল ৮টায় বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং দেশের বর্তমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগকবলিত জনগণের দ্রুত মুক্তি কামনায় বৈদিক মন্ত্রোচ্চারণ সহযোগে ১০৮টি অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।  

দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য রথ শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর।  ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ভক্তিময় নিতাই স্বামীসহ অন্যরা বক্তব্য দেন।
বিকেলে ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে তিনটি সুবিশাল ও অত্যাধুনিক ফোল্ডিং রথে জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারানীর শ্রীবিগ্রহ 
নিয়ে শোভাযাত্রা বের হয়। কীর্তনের সঙ্গে নেচেগেয়ে শোভাযাত্রায় যোগ দেন হাজার হাজার ভক্ত। তারা চিনি ও কলা ছিটিয়ে রথকে বরণ করেন। পরে রথ শোভাযাত্রাটি রাজধানীর 
বিভিন্ন এলাকা ঘুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। 

ইসকনের মহোৎসব অনুষ্ঠানমালায় আরও রয়েছে জগন্নাথ লীলামৃত পাঠ, শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ, রথযাত্রার মাহাত্ম্য বিষয়ক আলোচনা, সন্ধ্যা আরতি, পদাবলি কীর্তন, ভজন কীর্তন, শিশুদের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈদিক নাটক এবং মহাপ্রসাদ বিতরণ। স্বামীবাগ ইসকন মন্দির প্রাঙ্গণে বসেছে 
রথযাত্রার মেলা। উৎসবের শেষ দিন আগামী ২৪ জুলাই ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। ওইদিন বিকেল ৩টায় শোভযাত্রাটি ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে ফের স্বামীবাগ ইসকন মন্দিরে আনার মধ্য দিয়ে মহোৎসব শেষ হবে।   
এ ছাড়া পুরোনো ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারীবাজার একনাম কমিটিসহ রাজধানীর অন্যান্য মন্দির ও দেশের বিভিন্ন মন্দিরেও রথটান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

×