ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গণঅভ্যুত্থান ধারণ করে দেশ গড়ার আহ্বান

জুলাই শহীদ দিবসে নানা আয়োজন

গণঅভ্যুত্থান ধারণ করে দেশ গড়ার আহ্বান
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৮:৫৯

| প্রিন্ট সংস্করণ

চব্বিশের গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ প্রথম শহীদ হন ২০২৪ সালের ১৬ জুলাই। এই দিনটি স্মরণে প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হয়। এ বছরও যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার দিবসটি পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া, আলোচনা সভা ইত্যাদি। সভায় বক্তারা চব্বিশের গণঅভ্যুত্থান ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর আলোচনা সভা
সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চব্বিশের জুলাইকে হারিয়ে যেতে দেব না। চব্বিশ না হলে বিরোধী দলের নেতা হতে পারতাম না। একইভাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না; বিএনপি সরকার গঠন করতে পারত না।

জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান আরও বলেন, জুলাইয়ে সবচেয়ে বড় দাবি ছিল ফ্যাসিবাদ যাতে আর না ফেরে। ফ্যাসিবাদের ফেরার পথ বন্ধে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করলে রাষ্ট্র হবে অকৃতজ্ঞ। 

শেখ হাসিনার সময়ে গুমের শিকার সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) হাসিনুর রহমান বলেন, যাদের রক্তে ক্ষমতায় বসেছে, তাদের সম্মান করতে পারেনি সরকার।
শহীদ মোবারক হোসেনের বাবা রমজান আলী বলেন, ‘আমরা উদ্বিগ্ন, সরকার গণহত্যার বিচার করবে কিনা! কারণ সরকারের মন্ত্রীদের বক্তব্য সন্দেহজনক।’
মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালায় সভায় বক্তৃতা করেন সৈয়দ জয়নুল আবেদীন এমপি, রাশেদুল ইসলাম এমপি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম প্রমুখ। 

১১ দলীয় ঐক্যের সমাবেশ
বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়েও গাদ্দারি করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। শাহবাগে ১১ দলীয় ঐক্যের র‌্যালি-পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি। 

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন বলেন, জুলাই শহীদদের রক্তের ওপর দিয়ে বিএনপি ক্ষমতায় এসে গণভোটের রায় উপেক্ষা করে পুরোনো ফ্যাসিবাদের পথে হাঁটছে। 
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই শহীদের প্রকৃত সংখ্যা অজানা রয়ে গেছে। 
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজীসহ জোট নেতারা বক্তৃতা করেন। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ
জুলাই অভ্যুত্থানকে ‘বাণিজ্যে’ পরিণত করার অভিযোগ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থে জুলাই শহীদদের স্বপ্ন ধূলিসাৎ হতে দেওয়া যাবে না। ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

ইনকিলাব মঞ্চের দোয়া ও ফাতেহা পাঠ
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ দোয়া ও ফাতেহা পাঠ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া, শহীদ মোহাম্মদ সোহেল রানার ছোট ভাই মোহাম্মদ নাবিল হোসেন এবং ইনকিলাব মঞ্চের সহমুখপাত্র ফাতিমা তাসনিম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বি সরকার।

শহীদ আবু সাঈদের প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর শ্রদ্ধা
সরকারি ও বিরোধী দল মিলে জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। রংপুরে ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এনসিপি নেতাদের 
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের নামে শুধু মৌখিক প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার তা কার্যকর না করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাই জুলাই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে গণভোটের রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তাঁর কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মোজাহিদ এমপি উপস্থিত ছিলেন।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ছাত্রদল সভাপতির 
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর সঙ্গে ছিলেন রংপুর জেলা ছাত্রদলের সভাপতি শরীফ নেওয়াজ জোহা। 

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শিবির সভাপতির
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় তিনি বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে।

চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ কাজের উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম স্মরণে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গতকাল নগরের ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে কাজের উদ্বোধন করার সময় ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম, আবু সুফিয়ান এমপি, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী এর আগে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়া শহীদ ওয়াসিমের সমাধিস্থল পরিদর্শন ও জিয়ারত করেন।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সমকাল প্রতিবেদক, ব্যুরো ও প্রতিনিধিরা)

আরও পড়ুন

×