বিদ্যুতের মূল্য সমন্বয়, রেমিট্যান্সে প্রণোদনা প্রত্যাহারের সুপারিশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৯:১৯ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ | ১২:১৬
| প্রিন্ট সংস্করণ
সার ও বিদ্যুতের মূল্য সমন্বয়ের পাশাপাশি রেমিট্যান্সে প্রণোদনা প্রত্যাহারের সুপারিশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। পাঁচ দিনের ঢাকা সফরে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে এই সুপারিশ করে সংস্থাটির প্রতিনিধি দল। একই সঙ্গে ভর্তুকি কমিয়ে আনতে কার্যকরী পদক্ষেপের পরামর্শ দিয়েছে আইএমএফ মিশন। সেই সঙ্গে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সরকারের বাড়তি ব্যয়ের অর্থ সংস্থান কীভাবে হবে জানতে চেয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়ন করতে গিয়ে যেন আর্থিক খাতে বিশৃঙ্খলা দেখা না দেয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মাত্র সাড়ে ৩ শতাংশ হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। পাঁচ দিনের ঢাকা সফর শেষে সংস্থার একটি মিশন গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে অর্থনীতি নিয়ে এমন পূর্বাভাস দিয়েছে। আইএমএফের পূর্বাভাস সরকারের লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক। চলতি অর্থবছরে সরকার সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পূর্বাভাস দেয়, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ।
আইএমএফ মিশন মনে করছে, রাজস্ব ও ব্যাংকিং খাতের চাপ অব্যাহত থাকলে মধ্য মেয়াদে জিডিপি প্রবৃদ্ধি ৩ শতাংশেরও নিচে নেমে যেতে পারে। তবে রাজস্ব আহরণ জোরদার এবং ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করতে সংস্কার এগিয়ে নেওয়া গেলে মধ্য মেয়াদে অর্থনীতির সম্ভাবনা উন্নত হবে।
সরকারের অনুরোধে নতুন অর্থনৈতিক সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করতে আইএমএফের প্রতিনিধি দল ১২ জুলাই ঢাকায় আসে। গতকাল বৃহস্পতিবার তারা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সমাপনী বৈঠক করেন। কয়েক দিনের বৈঠকে সাম্প্রতিক অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারের সংস্কার অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশকে নতুন ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা আগামী মাসগুলোতে চলতে থাকবে। এ আলোচনা হবে ঋণের সম্ভাব্য আকার, পরিধি এবং এর সঙ্গে সম্পর্কিত সংস্কার অঙ্গীকার নিয়ে। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ঋণ কর্মসূচির পাঁচ কিস্তি নেওয়ার পর দুপক্ষের সম্মতিতে তা বাতিল করা হয়।
গতকাল সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আইএমএফের সঙ্গে কর্মসূচির ভিত্তি কী হবে, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। নির্বাচিত সরকারের প্রতি সম্মান বজায় রেখেই সংস্কারের কাজ পরিচালিত হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে পরিবর্তন আনা হবে।
ঢাকায় আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির কর্মকর্তা ইভো ক্রজনার। বিবৃতিতে ইভো ক্রজনার বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং তাদের নীতিগত অগ্রাধিকার নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। তথ্য-সংগ্রহমূলক সফরের মাধ্যমে সরকারের নীতিগত পরিকল্পনা, অর্থনৈতিক সংস্কারের অগ্রাধিকার এবং সক্ষমতা উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া গেছে। নতুন সম্ভাব্য কর্মসূচির পরিধি, ঋণের আকার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্কার অঙ্গীকার নিয়ে আগামী কয়েক মাসে আলোচনা হবে।
তিনি বলেন, বাংলাদেশ এখনও রাজস্ব, আর্থিক খাত ও মূল্যস্ফীতিজনিত বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আরও তীব্র হয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন মূল্যস্ফীতির চাপ বাড়িয়েছে এবং ভর্তুকি ব্যয় বাড়িয়েছে। এর ফলে সরকারের সীমিত রাজস্ব সক্ষমতার ওপর আরও চাপ সৃষ্টি হয়েছে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ওপরও চাপ তৈরি হয়েছে। যদিও প্রবাসী আয় বা রেমিট্যান্স শক্তিশালী রয়েছে। ব্যাংকিং খাতের চাপও এখনও উচ্চ পর্যায়ে রয়েছে।
তাঁর মতে, সামাজিক সুরক্ষা ও উন্নয়ন ব্যয় বাড়ানোর জন্য রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ভর্তুকি ব্যবস্থার যৌক্তিক সংস্কার প্রয়োজন। একই সঙ্গে রাজস্ব সংস্কারের প্রভাব থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে লক্ষ্যভিত্তিক সামাজিক সহায়তা জোরদার করা দরকার। মূল্যস্ফীতি কমানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনের জন্য কঠোর মুদ্রানীতি ও বিচক্ষণ রাজস্বনীতি অব্যাহত রাখা উচিত।
ইভো ক্রজনার আরও বলেন, ২০২৫ সালে চালু করা ‘ক্রলিং পেগ’ বিনিময় হার ব্যবস্থা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করলে বিনিময় হার আরও নমনীয় হবে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় থাকবে। একই সঙ্গে ব্যাংকিং খাতের পুনর্গঠন বিশ্বাসযোগ্য ও সমন্বিত কৌশলের আওতায় পরিচালিত হওয়া প্রয়োজন। ব্যাংক খাতে সুশৃঙ্খল সংস্কার সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং বিনিয়োগে সহায়তা করবে।
- বিষয় :
- বিদ্যুতায়ন