ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বাঘ সংরক্ষণে মিনি ম্যারাথন

কিট বিতরণে রানারদের প্রাণবন্ত উপস্থিতি

কিট বিতরণে  রানারদের প্রাণবন্ত উপস্থিতি
×

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ম্যারাথন ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা’। এ আয়োজন সামনে রেখে গতকাল শুক্রবার শুরু হয়েছে অংশগ্রহণকারীদের মধ্যে কিট বিতরণ কার্যক্রম। এর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু- সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

বিশ্বব্যাপী বিপন্ন বাঘ সংরক্ষণে জনসচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে আগামী ২৫ জুলাই রাজধানীর হাতিরঝিলে একটি বিশেষ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৭ দশমিক ৫ কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতার নাম ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’। ব্যতিক্রমী এই আয়োজনের মূল স্লোগান ‘এসো আজ শপথ করি, বাংলার বাঘ রক্ষা করি’। অনুষ্ঠানটির আয়োজন করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

এ আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আই এবং দৈনিক সমকাল। 
বাঘ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।
ম্যারাথন উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অংশগ্রহণকারীদের কিট বিতরণ কার্যক্রম। প্রথম দিনেই নিবন্ধিত রানারদের স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বসিত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো কিট বিতরণ কেন্দ্র।

এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাঘ সংরক্ষণ কেবল একটি পরিবেশগত দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের একটি সামাজিক অঙ্গীকার। এই দৌড় প্রতিযোগিতার মূল লক্ষ্যই হলো মানুষের মাঝে বাঘ রক্ষার সচেতনতা ছড়িয়ে দেওয়া।
আয়োজকরা জানান, এবারের টাইগার রানে প্রায় এক হাজার ৬০০ প্রতিযোগী অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের জন্য তৈরি বিশেষ কিট ব্যাগে রয়েছে অফিসিয়াল রানিং টি-শার্ট, ক্যাপ, ফিনিশার্স মেডেল, ব্যাকপ্যাক, মগ ও পানির বোতলসহ বিভিন্ন আকর্ষণীয় উপহারসামগ্রী। যারা প্রথম দিনে কিট সংগ্রহ করতে পারেননি, তারা আগামী ১৮ ও ১৯ জুলাই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চ্যানেল আই ভবনের গেট-৩ থেকে এটি সংগ্রহ করতে পারবেন।

২৫ জুলাইয়ের এই মূল দৌড় প্রতিযোগিতা শেষে নারী ও পুরুষ– উভয় বিভাগের বিজয়ীদের জন্য থাকছে কয়েক লাখ টাকার আর্থিক পুরস্কার। এ ছাড়া রানারদের নম্বরের ওপর ভিত্তি করে একটি বিশেষ র‍্যাফেল ড্র হবে। এই ড্রয়ের বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের রিটার্ন টিকিট, দি প্যালেস লাক্সারি রিসোর্টে থাকার সুযোগ, হোলিডে ইন ঢাকা সিটি সেন্টারের বিশেষ আতিথেয়তা, ঢাকা ডিনার ক্রুজের আকর্ষণীয় অফার এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসাসেবা।

আরও পড়ুন

×