ই-পাসপোর্টের জলছাপে ‘জুলাই গণঅভ্যুত্থান’, বাদ গেল ইসরায়েল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২০:৪০ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ২০:৪৮
বাংলাদেশের ই-পাসপোর্টের জলছাপে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। নতুন নকশায় ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শিরোনামে তিন শহীদের ছবি যুক্ত করা হচ্ছে। পাশাপাশি স্থান পাচ্ছে সব ধর্মের প্রতীক। একই সঙ্গে ই-পাসপোর্টে আবারও ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ।
এ বিষয়ে রোববার সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদেশে ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবি পুনর্বিন্যাস করে নকশা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের মাধ্যমে নতুন জলছাপ সংযোজনের কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন জলছাপে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ নামে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, উত্তরার আজমপুরে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং চট্টগ্রামের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের ছবি যুক্ত করা হয়েছে। এ ছাড়া ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মসহ সব ধর্মের প্রতীকও স্থান পেয়েছে নতুন নকশায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ইস্যু হওয়া পাসপোর্টে আবারও এই শব্দবন্ধ যুক্ত থাকবে। কর্মকর্তাদের ভাষ্য, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন প্রশ্নে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নকশায় ই-পাসপোর্টের জলছাপ থেকে বাদ দেওয়া হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মুজিবনগর স্মৃতিসৌধের ছবি।
অন্যদিকে নতুন জলছাপে রাখা হয়েছে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ কেল্লা, কক্সবাজার সমুদ্রসৈকত, টাঙ্গুয়ার হাওর, জাতীয় মাছ ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, জাতীয় ফল কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানাম নগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ধাপে ধাপে নতুন সংস্করণের ই-পাসপোর্ট ইস্যু করা হবে। বর্তমান পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় তারা নতুন জলছাপসংবলিত পাসপোর্ট পাবেন।
- বিষয় :
- পাসপোর্ট
- ইসরায়েল
- জুলাই গণঅভ্যুত্থান