ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

লেখক-সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগের প্রতিবাদে ১০১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

লেখক-সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগের প্রতিবাদে ১০১ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৭:৫২ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ১৯:০৩

লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, অভিনেতা ও অভিনেত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১০১ জন বিশিষ্ট নাগরিক। তারা মতপ্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক অঙ্গনের স্বাধীন বিকাশ এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে কয়েকজন সাংবাদিক, নাট্যব্যক্তিত্ব, অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে একটি অজ্ঞাত ও জনসমর্থনহীন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয়েছে। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো ব্যক্তি বা সংগঠনের আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে। তবে সেই অধিকার কখনোই মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা, শিল্পী বা সাংবাদিকদের পেশাগতভাবে হয়রানি করা কিংবা ভিন্নমতকে ভয়ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়া উচিত নয়।

তারা বলেন, অভিযোগের ভিত্তি, প্রমাণ ও আইনগত গ্রহণযোগ্যতা যাচাইয়ের আগে এ ধরনের পদক্ষেপ জনপরিসরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করতে পারে। একই সঙ্গে এটি সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, শিল্প, সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতিচর্চার বিকাশের জন্য মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক পূর্বশর্ত। রাজনৈতিক মত, সমালোচনা বা ভিন্ন অবস্থানের কারণে শিল্পী, সাংবাদিক কিংবা নাগরিকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ ও হয়রানিমূলক কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে দুর্বল করে এবং সমাজে ভয় ও আত্মনিয়ন্ত্রণের সংস্কৃতি তৈরি করে।

১০১ বিশিষ্ট নাগরিক আইনকে ব্যক্তিগত, রাজনৈতিক বা প্রতিহিংসামূলক উদ্দেশ্যে ব্যবহার না করার বিষয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে কোনো নাগরিককে পেশাগত বা সামাজিকভাবে হয়রানির সুযোগ সৃষ্টি না করার আহ্বান জানান।

বিবৃতিতে দেশের সকল গণতান্ত্রিক শক্তি, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও নাগরিক অধিকার রক্ষায় সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

×