ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত জোটের সিদ্ধান্ত

ঢাকার মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার

ঢাকার মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

বিদ্যুতের বাড়তি বিল, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সচিবালয়ের সামনে মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই দিন সারাদেশে জেলা-উপজেলায় গ্যাস ও বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান করে প্রতিবাদ জানাবেন নেতাকর্মীরা। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারে আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে চার বিভাগে লংমার্চ করা হবে। ১৪ নভেম্বর ঢাকায় হবে মহাসমাবেশ। 

গতকাল সোমবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জোট সূত্র সমকালকে জানিয়েছে। আগামীকাল ৫ আগস্ট বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হবে। 

বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ শরিক দলের প্রধানরা অংশ নেন। 
জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সমকালকে বলেন, সরকারের নির্লিপ্ততা ও ব্যর্থতায় গ্যাস-বিদ্যুৎ সংকট চলছে। এর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সচিবালয়ের সামনে অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দেওয়া হবে। 
বৈঠক সূত্র জানিয়েছে, জামায়াত জোট আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম পথে লংমার্চ করতে পারে। ঢাকা-রংপুর পথে লংমার্চ হতে পারে ১৯ সেপ্টেম্বর। ঢাকা-খুলনা লংমার্চের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়নি।  ঢাকা-সিলেটের পথে হবে ট্রেন মার্চ। ১১ দলের লিয়াজোঁ কমিটি এসব কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করবে। 

বিএনপি জুলাই অস্বীকার করেছে 
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্ষমতায় বসে বিএনপি জুলাইকে অস্বীকার করেছে। এ কারণেই জুলাই নিয়ে তাদের কর্মসূচি দেখা যায়নি।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে গতকাল রাজধানীর যাত্রাবাড়ী কাজলা ব্রিজ মোড়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের জনসভায় এসব কথা বলেছেন গোলাম পরওয়ার। স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, জনগণ সর্বমন্ত্রী নামে চেনে, সেই মন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্বীকারোক্তি দিয়েছেন, বিএনপি সংস্কারের পক্ষে মত দিয়েছে কেবল নির্বাচন আদায়ে। জনগণের সঙ্গে দ্বিচারিতা, বিশ্বাসঘাতকতায় বোঝা যায় বিএনপি ‍জুলাই চেতনায় বিশ্বাস করে না। 
মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে জনসভায় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি প্রমুখ বক্তব্য দেন। 

পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি
গ্যাস সংকটের প্রতিবাদে গতকাল রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে বিক্ষোভ এবং সেখান থেকে প্রতিবাদ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত। দ্রুত সংকটের সমাধান ও গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে উত্তরের আমির সেলিম উদ্দিন বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের হিডেন চার্জ বন্ধ করতে হবে। তাহলেই জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

সরকার দমনে ব্যস্ত
বিএনপি সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে দমনে ন্যারেটিভ (বয়ান) তৈরিতে ব্যস্ত বলে অভিযোগ করে গোলাম পরওয়ার বলেছেন, দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে তাদের মাথাব্যথা নেই। বিদ্যুতের ভূতুড়ে বিল নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। প্রকৃত ব্যবহার না হলেও বিদ্যুতের বিল বাড়ছে।
গতকাল রাতে জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, গ্যাস সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি ও লোডশেডিং ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। নারীরা রাজপথে  হাঁড়ি-কড়াই  নিয়ে বিক্ষোভ করছেন। শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান কিংবা উত্তোলনে সরকারের উদ্যোগ নেই। বরং এলপিজির দাম বাড়িয়ে মানুষকে চাপে ফেলা হয়েছে।  

আরও পড়ুন

×