ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

তদন্ত কমিটি এক বছরেও প্রতিবেদন দিতে পারেনি

তদন্ত কমিটি এক বছরেও প্রতিবেদন দিতে পারেনি
×

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

 জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ০৯:১৫ | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ | ০৯:১৭

| প্রিন্ট সংস্করণ

জুলাই আন্দোলন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এক বছর পার হলেও সে কমিটি কোনো প্রতিবেদন প্রকাশ করতে পারেনি। 

গত বছরের ৮ মে তদন্ত কমিটি গঠন করে একটি জরুরি গণবিজ্ঞপ্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সহিংস ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ, তথ্য-প্রমাণ জমা দেওয়ার আহ্বান করা হয়। বলা হয়, ২০২৫ সালের ২২ মের মধ্যে তদন্ত কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়ার কাছে সেসব জমা দেওয়া যাবে। 

ঘোষিত তারিখ পেরিয়ে গেলে ২৯ মে আরেকটি জরুরি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে অভিযোগ জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। সেই সময়সীমা শেষ; কমিটি এখনও কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।

তদন্ত প্রক্রিয়ার ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক নূরনবী বলেন, ‘তদন্তের দায়িত্ব পাওয়া কমিটি যদি নিজে থেকে অনুসন্ধান না চালিয়ে কেবল অন্যের কাছ থেকে নথিপত্র পাওয়ার অপেক্ষায় বসে থাকে, তাহলে সেই কমিটি গঠনের যৌক্তিকতা কতটুকু? এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়নি।’

তদন্ত কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া সমকালকে জানান, ‘প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত ও সাক্ষ্য সংগ্রহে গ্রুপভিত্তিক একাধিক বৈঠক করেছে কমিটি। কমিটির আহ্বানে ন্যূনতম সাড়া মেলেনি। পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ ছাড়া কোনো কমিটির পক্ষে প্রতিবেদন দাখিল করা সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘অপ্রতুল তথ্য ও প্রমাণের কারণে কাজ কিছুটা এগোলেও কাউকে দায়ী সাব্যস্ত করার মতো উপযুক্ত উপাদান আমরা পাইনি।’  

আরও পড়ুন

×