ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

‘মিথ্যা হত্যা মামলা’য় হয়রানির অভিযোগ সিরাজ-উদ-দৌলা চৌধুরীর

‘মিথ্যা হত্যা মামলা’য় হয়রানির অভিযোগ সিরাজ-উদ-দৌলা চৌধুরীর
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০১:২৮

এলাকার একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা হত্যা মামলা করে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন নীলফামারী সদর উপজেলার চৌধুরীপাড়া যাদুরহাট ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ সিরাজ-উদ-দৌলা চৌধুরী। এই মামলা থেকে নিষ্কৃতি পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের আশু হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ সিরাজ-উদ-দৌলা চৌধুরী এই অভিযোগ আনেন।

তিনি বলেন, গত ২৯ জুন তাঁর চাচাতো ভাই কাইয়ুম চৌধুরী হার্ট অ্যাটাকে মারা যান। এটাকে হত্যা দেখিয়ে একটি সুবিধাবাদী মহল পুলিশ দিয়ে তাঁকেসহ (সিরাজ-উদ-দৌলা) এলাকার নিরপরাধ ব্যক্তিদের নামে নীলফামারী সদর থানায় মিথ্যা হত্যা মামলা করায়। এমনকি জোর করে মৃত ব্যক্তির পোস্টমর্টেম করানো হয়।

সিরাজ-উদ-দৌলা বলেন, তিনি ওই মামলায় বর্তমানে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। তারপরও সংঘবদ্ধ চক্রটি তাঁকেসহ পরিবারকে নানাভাবে হয়রানি করছে। এরই মধ্যে বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও তাঁর প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার বিষয়ে পিবিআই অথবা এমআইয়ের মাধ্যমে সঠিক তদন্ত করে আসল ঘটনা উদ্ঘাটনের দাবি জানাচ্ছেন তিনি।

একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের ঘটনার সঙ্গে জড়িত ও মূল অপরাধীকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সিরাজ-উদ-দৌলা চৌধুরী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লালন, এলাকার বাসিন্দা সিহাব বসুনিয়া প্রমুখ।

আরও পড়ুন

×