ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে একজনের মৃত্যু

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে একজনের মৃত্যু
×

ছবি: সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০০:২৪

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার রাত ৮ দিকে উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলার গজনাইপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তাঁর সমর্থকদের সঙ্গে তমিজ খাঁ ও তাঁর সমর্থকদের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় লাউখোলা এলাকায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে রেজাউল শিকদারের পক্ষের সমর্থক মান্নান সরদারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, তমিজ খাঁর পক্ষের সমর্থক রিপন মোল্লা ককটেলের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তাঁর একটি হাত বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ বলেন, বোমা বিস্ফোরণের আঘাত নিয়ে দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে একজনের হাত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে এবং আহত আরেক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়াও আরো আটজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ মুঠোফোনে সমকালকে বলেন, জাজিরায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

×