রাষ্ট্রীয় মালিকানায় চিনিকল চালুর দাবি
রাষ্ট্রীয় মালিকানায় চিনিকল চালুর দাবিতে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির বিক্ষোভ। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৮:৩৯
| প্রিন্ট সংস্করণ
অবিলম্বে রাষ্ট্রায়ত্ত চিনিকল আধুনিকায়নের জন্য অর্থ বরাদ্দ ও রাষ্ট্রীয় মালিকানায় চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এ সময় সারাদেশ থেকে আসা চিনিকল শ্রমিক ও আখচাষিরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলে পুলিশ বাধা দেয়। পরে কমিটির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিতে নয় দফা দাবির মধ্যে রয়েছে- বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো রাষ্ট্রীয় মালিকানায় আধুনিকায়ন ও পুনরায় চালু; চিনিকলগুলোতে আধুনিক প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত সরকারি বিনিয়োগ নিশ্চিত করে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি; আখচাষিদের উৎপাদিত আখের ন্যায্যমূল্য নিশ্চিত, স্বল্পসুদে কৃষিঋণ, উন্নতমানের আখবীজ, সার, সেচ ও কৃষি উপকরণ সহজলভ্য করা; ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত শিল্পসম্পদ ব্যক্তিমালিকানায় হস্তান্তর বা বেসরকারিকরণের চক্রান্ত বন্ধ; রাষ্ট্রায়ত্ত শিল্পকে শক্তিশালী ও আধুনিকায়নের জন্য দীর্ঘমেয়াদি জাতীয় শিল্পনীতি গ্রহণ; মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি বাতিল করা প্রভৃতি।
সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ। বদরুদ্দোজা বাপন ও কাইয়ুম হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন, সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, জাতীয় গণফ্রন্টের আহ্বায়ক টিপু বিশ্বাস, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ডা. ফয়জুল হাকিম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক শামীম ইমাম, আখচাষি ও কৃষক নেতা আলতাফ হোসেন, কৃষক নেতা আব্দুস শুকুর প্রমুখ।
কারখানা বেসরকারীকরণ আত্মঘাতী
রাষ্ট্রায়ত্ত কলকারখানা ঢালাওভাবে বেসরকারীকরণের সরকারি সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বলেছেন বাসদের (মার্কসবাদী) নেতারা। সমাবেশে অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি-২০২৬ বাতিলের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও তোলেন তারা।
দলের সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন, নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত ও রাজু আহমেদ। পরিচালনা করেন দলের নির্বাহী ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ার। নেতারা বলেন, ‘সরকারের সিদ্ধান্ত জনগণের সম্পদ নিয়ে বিপজ্জনক পদক্ষেপ। এতে রাষ্ট্রীয় সম্পদ ও জনসেবা ক্রমশ মুনাফাখোর বেসরকারি পুঁজির নিয়ন্ত্রণে চলে যাবে।’
- বিষয় :
- চিনিকল