আ. লীগের পক্ষে গোপন তৎপরতার অভিযোগে ঢাবির শিক্ষকদের বিষয়ে তদন্ত কমিটি
ছবি- সংগৃহীত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ২১:১২
আওয়ামী লীগের পক্ষে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন ও আইন অনুষদের ডিন অধ্যাপক ইকরামুল হক।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ করবে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ করা হয়েছে। ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এমন তৎপরতায় যুক্ত বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ৯২ জনের মধ্যে এখন পর্যন্ত ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে। এসব শিক্ষকের বিষয়ে তথ্য যাচাই করে কমিটি প্রয়োজনীয় সুপারিশ দেবে। ভবিষ্যতে আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাদের বিষয়ও কমিটির পর্যালোচনার আওতায় আনা হবে।