প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের ইন্তেকাল
নূরুল হাসান খান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ২১:৫৭
প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হাসান খান (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না… রাজিউন)। আজ রোববার বিকেলে রাজধানীর ডেল্টা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন তিনি।
এর আগে, গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার অন্টারিওর লেকরিজ হেলথ হাসপাতালে আইসিইউতেও চিকিৎসাধীন ছিলেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রহী রেখে গেছেন নুরুল হাসান খান। আজ রোববার বাদ এশা মিরপুর-২-এর মসজিদ-ই-ফেরদৌসে জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হয় তাকে।
নূরুল হাসান খানের জন্ম নেত্রকোণার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামে। দৈনিক দিনকাল পত্রিকার প্রধান প্রতিবেদক (চিফ রিপোর্টার) ও বিশেষ প্রতিনিধি ছাড়াও দীর্ঘ পেশাগত জীবনে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন তিনি।
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছাড়াও যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এবং বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
নূরুল হাসান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ূব ভুঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক উদয় হাকিম এবং পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী।
- বিষয় :
- সাংবাদিক