ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব স্বাস্থ্যমন্ত্রীর

মালয়েশিয়ায় চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব স্বাস্থ্যমন্ত্রীর
×

সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৫:০৮

বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কিডনি, লিভার ও বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনে প্রশিক্ষণের জন্য মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সাক্ষাতে দুই দেশের মধ্যে বিশেষ করে স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

মালয়েশিয়ার স্বাস্থ্যসেবার অগ্রগতির কথা উল্লেখ করে হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান বলেন, চিকিৎসাক্ষেত্রে মালয়েশিয়া উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। আগে কম্বোডিয়ার রোগীরা চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতেন। এখন তাদের অনেকে মালয়েশিয়ায় যাচ্ছেন। বাংলাদেশের রোগীদের জন্যও মালয়েশিয়া ভালো চিকিৎসা গন্তব্য হতে পারে।

তিনি বলেন, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) মাধ্যমে আগ্রহী বাংলাদেশিরা চিকিৎসাসংক্রান্ত সহযোগিতা পেতে পারেন।

মালয়েশিয়ার চিকিৎসাব্যবস্থার প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশও স্বাস্থ্যখাতের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। দুই দেশের মধ্যে চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজন হতে পারে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য মালয়েশিয়ায় কিডনি ট্রান্সপ্লান্টেশন, লিভার ট্রান্সপ্লান্টেশন ও বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মতো জটিল চিকিৎসায় প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।’

সাক্ষাতে মালয়েশিয়ার হাইকমিশনার জানান, বাংলাদেশে মালয়েশিয়ার কিছু শিক্ষার্থী এমবিবিএস, এমডিএস এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। স্বাস্থ্যমন্ত্রী তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেন।

মালয়েশিয়ায় চিকিৎসার বিভিন্ন খরচ ও ওষুধের দাম সাধারণত বোর্ডে প্রকাশ্যে উল্লেখ থাকে জানিয়ে হাইকমিশনার বলেন, অন্যান্য অনেক দেশের তুলনায় সেখানে চিকিৎসার ব্যয়ও কম।

সাক্ষাতের একপর্যায়ে মালয়েশিয়ার হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনের কর্মকর্তা, মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) কর্মকর্তারা, তাদের বাংলাদেশি অংশীদার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×