ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’ অনুষ্ঠিত, সরাসরি সাক্ষাৎকারে চাকরি

ঢাকায় ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’ অনুষ্ঠিত, সরাসরি সাক্ষাৎকারে চাকরি
×

ছবি: আয়োজকদের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৫:৪৯

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি এবং দেশের পরিবর্তনশীল শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছে ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’। মঙ্গলবার নেক্সটজবজের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ১০০টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজারো চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই হবে না, বরং চাকরিপ্রার্থীদের কর্মক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের মতো দক্ষতাও উন্নত করতে হবে। 

তিনি আরও উল্লেখ করেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগকে কার্যকরভাবে একীভূত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং নেক্সটজবজের মতো প্ল্যাটফর্মগুলো এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান তার বক্তব্যে জানান, নেক্সটজবজ ৩৬০ ডিগ্রি মানবসম্পদ উন্নয়ন সেবা নিয়ে কাজ করছে। এই আয়োজনের মাধ্যমে চাকরিপ্রার্থী, নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং আকিজ এগ্রিলাইফের চিফ বিজনেস অফিসার আকতারুল ইসলাম।

আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ কার্যক্রম। প্রায় ৭৫০টি শূন্য পদের বিপরীতে ২ হাজার ৫০০ জন চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার এবং তাৎক্ষণিক চাকরির প্রস্তাব পাওয়ার সুযোগ পান। এছাড়াও দিনব্যাপী এই আয়োজনে অভিজ্ঞ পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা, ইন্টার‌্যাকটিভ কার্যক্রম, র‌্যাফেল ড্র এবং উন্মুক্ত নেটওয়ার্কিংয়ের সুযোগ ছিল।

অনুষ্ঠানে নেক্সটজবজ-এর দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘নেক্সটজবজ লার্নিং ল্যাব’-এর কার্যক্রমও তুলে ধরা হয়। এতে অংশগ্রহণকারীরা বিশেষ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচি সম্পর্কে জানার সুযোগ পান। পাশাপাশি প্রতিষ্ঠানটির হেডহান্টিং প্ল্যাটফর্ম ‘নেক্সট রিসোর্স’-এর পে-রোল ব্যবস্থাপনা ও স্টাফিং সলিউশন সংক্রান্ত সেবাগুলোও প্রদর্শন করা হয়। আয়োজনে শিক্ষার্থী ও সদ্য স্নাতক থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবী এবং উচ্চপর্যায়ের নির্বাহীদের অংশগ্রহণের ফলে চাকরির বাজারে প্রবেশের প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন ও নিয়োগ প্রক্রিয়ায় এক অনন্য সেতুবন্ধন তৈরি হয়। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×