ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে হচ্ছে আধুনিক ওষুধ সংরক্ষণাগার

তেজগাঁওয়ে হচ্ছে আধুনিক ওষুধ সংরক্ষণাগার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৯:৪১

দেশের স্বাস্থ্য পণ্য সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ঢাকার তেজগাঁওয়ে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর (সিএমএসডি) প্রাঙ্গণে আধুনিক ওষুধ সংরক্ষণাগার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সিএমএসডি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি), জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস) ও গ্লোবাল ফান্ডের অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রায় ১৪ হাজার বর্গফুট আয়তনের প্রস্তাবিত আধুনিক ওষুধ সংরক্ষণাগার প্রায় এক লাখ ঘনফুট সংরক্ষণ সক্ষমতা থাকবে। প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী নিরাপদ, দক্ষ ও মানসম্মতভাবে সংরক্ষণের জন্য এতে আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা, এইচভিএসি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সংশ্লিষ্টরা জানান, ফার্মাসিউটিক্যাল পণ্য সংরক্ষণের প্রয়োজনীয় মানদণ্ড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ওয়্যারহাউসটি নির্মাণ করা হবে। এর মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী সংরক্ষণে বিদ্যমান অবকাঠামোগত ঘাটতি অনেকটাই কমবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আধুনিক ওষুধ সংরক্ষণাগার নির্মাণ দেশের স্বাস্থ্য পণ্য সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিরাপদ, মানসম্মত ও দক্ষ সংরক্ষণ অবকাঠামোয় বিনিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রীর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করার ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।

তিনি বলেন, জাতীয় স্বাস্থ্য কর্মসূচিগুলোর প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করার বৃহত্তর উদ্যোগের অংশ এই প্রকল্প। সংরক্ষণ সক্ষমতা, পরিচালন দক্ষতা, নিরাপত্তা ও মানদণ্ড অনুসরণ উন্নত হলে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। একই সঙ্গে দেশের স্বাস্থ্য পণ্য সরবরাহ ব্যবস্থাও আরও স্থিতিস্থাপক হবে।

গ্লোবাল ফান্ডের সহায়তায় বাংলাদেশ সরকার ও ইউএনওপিএসের সমন্বিত সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, গ্লোবাল ফান্ডের সিনিয়র ফান্ড পোর্টফোলিও ম্যানেজার কিউ কুই, ইউএনওপিএস বাংলাদেশের অফিসার ইনচার্জ ও প্রোগ্রাম ম্যানেজার নামিরা বসনজাকসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অংশীদার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×