সাংবাদিকদের রিজভী
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ
রুহুল কবির রিজভী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ০৮:০৬
| প্রিন্ট সংস্করণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার সাধুবাদ জানায়। তবে স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ। শর্ত দিয়ে নয়, সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বাংলাদেশ অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। তবে কোনো শর্ত থাকলে বাংলাদেশ সে পথে এগোবে না।’
গতকাল বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।
রিজভী বলেন, ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বের প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে, তাহলে অবশ্যই সমতা, মিউচুয়াল রেসপেক্ট এবং সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সব দেশের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্ক রাখবেন।’
তিনি বলেন, ‘আমরাও সবাইকে আমন্ত্রণ জানাব। কিন্তু ভেতরে যদি কোনো শর্ত থাকে, তাহলে সেই শর্ত দিয়ে কখনও বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব।’
- বিষয় :
- রুহুল কবির রিজভী