শিক্ষা খাতে এত বড় বাজেট আগে কখনও হয়নি: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ২১:৩৪
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে শিক্ষা খাতে এত বড় বাজেট আগে কখনও হয়নি। তা বিএনপি সরকার বাস্তবায়ন করেছে।
বৃহস্পতিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত ব্র্যাক সিডিএম এ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে উপাচার্যদের সঙ্গে দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, একটা মানসম্মত শিক্ষাব্যবস্থা যেখান থেকে সবার ক্যারিয়ার ডেভেলপ করতে পারে, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তা করতে পারে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে এখন আমরা সেলভেজ করার চিন্তা করছি। শিক্ষাব্যবস্থা সার্বিকভাবে এখান থেকে আমরা বেরিয়ে এসে সত্যিকার অর্থে রিয়েল লাইফ নিড বেইজ একটা এডুকেশনে যেতে চাচ্ছি। দেশে এবং দেশের বাইরে নিড বেজড এডুকেশন দরকার; যেখানে আমাদের যাওয়ার কথা সেখানে পৌঁছাতে হবে। আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শেষ করে ক্রেডিট ট্রান্সফার যাতে করতে পারে।
ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় অনুষ্ঠিতব্য সংলাপে উচ্চশিক্ষায় কৌশলগত নেতৃত্ব, সুশাসন, শিক্ষাদানের মান বৃদ্ধি, আন্তর্জাতিকীকরণ, গবেষণা ও উদ্ভাবন, শিল্পখাত-বিশ্ববিদ্যালয় যৌথ সহযোগিতা, স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা, আধুনিক কারিকুলাম প্রণয়ন এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশের উচ্চশিক্ষা বর্তমানে প্রযুক্তিগত পরিবর্তন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ, শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা, গুণগত মান ও জবাবদিহির ক্রমবর্ধমান প্রত্যাশা এবং বৈশ্বিক প্রতিযোগিতার মতো নতুন বাস্তবতার মুখোমুখি। এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও উদ্ভাবনী, জবাবদিহিমূলক, সুশাসিত এবং পরিবর্তিত বিশ্বের জন্য দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংলাপ থেকে আসা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও সুপারিশগুলো সংকলন করা হবে, যা ভবিষ্যতে হিট প্রকল্পের কার্যক্রমে বাস্তবায়নের পাশাপাশি দেশের উচ্চশিক্ষার টেকসই মানোন্নয়নে মূলনীতি-কৌশল হিসেবে ব্যবহৃত হবে।
সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তন ও মান উন্নয়নে সরকার কাজ করছে।
দুই দিনব্যাপী আয়োজিত সংলাপে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন উপাচার্যসহ নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- অর্থমন্ত্রী
- আমির খসরু মাহমুদ চৌধুরী