ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিমানবন্দর এলাকা থেকে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুক আটক

বিমানবন্দর এলাকা থেকে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুক আটক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০২:৪১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা–পুলিশ। গতকাল সোমবার বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিআইপি রোডে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উৎপাত দীর্ঘদিনের সমস্যা। এতে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, ২ জন নারী এবং ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদি কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে গত কয়েকদিনে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও প্রায় ২৮৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩২৮ জনকে আটক করা হয়েছে। আটক শিশুদের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্র, মিরপুরে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিমানবন্দর এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিমানবন্দর থানা পুলিশ।

আরও পড়ুন

×