সিরাজগঞ্জ
পৌর বিএনপি সভাপতির মুখে ‘জয় বাংলা’ স্লোগান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ১৫:১৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬ | ১৬:৫২
প্রকাশ্য কর্মসূচিতে দলীয় নীতি ও শৃঙ্খলা ভেঙে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দলীয় স্লোগান হাঁকিয়ে চরম তোলপাড় সৃষ্টি করেছেন সিরাজগঞ্জ পৌর বিএনপির ১১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মিন্টু শেখ। বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
জানা যায়, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের মতি সাহেবের ঘাট এলাকায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আগামীতে পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও ব্যবসায়ী আলহাজ আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য প্রদানকালে মিন্টু শেখ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হঠাৎ বক্তব্য শেষ করেন। মুহূর্তেই সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও চরম বিতর্কের সৃষ্টি হয়।
দায়িত্বশীল পদে থেকে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের স্লোগান দেওয়ার বিষয়টিকে ক্ষমা অযোগ্য সাংগঠনিক অপরাধ হিসেবে দেখছে জেলা বিএনপি। সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মিন্টুর ভাইরাল বক্তব্যটি আমরাও শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ইতিমধ্যেই তাকে শোকজ করা হয়েছে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে যথাযথ দলীয়/সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে এই নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে মিন্টু শেখকে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা মিন্টুর মোবাইলে বারবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
- বিষয় :
- সিরাজগঞ্জ