ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

৯৯৯-এ ফোন, ধানমন্ডিতে পিস্তলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

৯৯৯-এ ফোন, ধানমন্ডিতে পিস্তলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৫:২৯

রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনায় পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৯৯৯ সদর দপ্তর।

‎‎সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ভুক্তভোগী ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিটকে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে পিস্তলসহ আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয়।

‎‎খবর পেয়ে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল (৪১) নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তাকে সঙ্গে নিয়ে ধানমন্ডি থানার কয়েকটি দল ও ডিবি পুলিশের যৌথ অভিযানে একই চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

‎‎জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল মজিবুর রহমান। পরে কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম। ‎‎তিনি জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 

আরও পড়ুন

×