সম্মিলিত ইসলামী ব্যাংক
ব্যক্তি আমানতকারী মূল টাকার পুরোটাই তুলতে পারবেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৮ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:২২
| প্রিন্ট সংস্করণ
দুর্দশাগ্রস্ত পাঁচ ব্যাংক মিলে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারী চাইলে জমানো টাকার পুরোটাই তুলতে পারবেন। তবে মেয়াদি আমানতের ক্ষেত্রে কোনো মুনাফা পাবে না। ব্যাংক রেজল্যুশন স্কিম-২০২৫ এ সংশোধনী এনে গতকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, একীভূত ব্যাংকে কোনো অ-প্রাতিষ্ঠানিক আমানতকারী চাইলে চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি, মেয়াদি হিসাবের শুধু আসল অর্থ তুলতে পারবেন। মেয়াদি আমানতে মুনাফা বাদে যে অর্থ গ্রাহক আমানত হিসেবে রেখেছেন কেবল সে পরিমাণ আমানতকারীকে পরিশোধ করবে। এই উত্তোলন সুবিধা নিতে চাইলে তা চূড়ান্ত নিষ্পত্তি বলে গণ্য হবে।
জানা গেছে, জমানো টাকা ফেরত দেওয়ার জন্য আজ মঙ্গলবার থেকে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত দেওয়া শুরু হবে।
বিভিন্ন অনিয়ম-জালিয়াতির কারণে দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারায় দুর্দশাগ্রস্ত এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন হয়। ব্যাংকগুলোতে প্রায় ৭৬ লাখ আমানতকারীর এক লাখ ৪২ হাজার কোটি টাকা জমা আছে।