আবেগ দিয়ে অর্থনীতি চলে না: সংসদে অর্থমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি টাকা
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৪ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫৩
রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। গত ৩০ জুনের হিসাব অনুযায়ী, এসব ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংকে। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা। অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা, রূপালী ব্যাংকের ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ, সোনালী ব্যাংকের ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ, বেসিক ব্যাংকের ৮ হাজার ১৩১ কোটি ৯ লাখ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণ ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাগেরহাট-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
‘আবেগ দিয়ে অর্থনীতি চলে না’
ঋণখেলাপির দায়ে অভিযুক্ত এস আলম গ্রুপকে নতুন করে ঋণ দেওয়া নিয়ে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি ও আর্থিক খাত পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট নীতি রয়েছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় এক নয়। একটি কোম্পানি একটি আইনগত ও করপোরেট সত্তা।
আমির খসরু বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তার বিরুদ্ধে মামলা হতে পারে এবং আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু কোনো ব্যক্তির কারণে একটি কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেওয়া যায় না। কারণ, ওই প্রতিষ্ঠানে কর্মীরা কাজ করেন, প্রতিষ্ঠানের ঋণ ও দায় রয়েছে এবং অর্থনীতিতে ওই প্রতিষ্ঠানের অবদান রয়েছে।
এস আলম গ্রুপ প্রসঙ্গে তিনি বলেন, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তাদের বিরুদ্ধে মামলা চলছে এবং বিচার অব্যাহত থাকবে। তবে কোনো কোম্পানি বন্ধ করে দেওয়ার আগে দেশের অর্থনীতিতে তার কী প্রভাব পড়বে, সেটিও হিসাব করতে হবে।
অর্থমন্ত্রী বলেন, ‘ইমোশনের ওপর অর্থনীতি চলে না। আইনের ওপর অর্থনীতি চলতে হবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আইন ভঙ্গ করে কাউকে ঋণ দিচ্ছে না। যেখানে পুনঃতফসিলের সুযোগ রয়েছে, আইন অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানিগুলো সে সুযোগ নিতে পারবে। তবে ব্যক্তিগতভাবে যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে বিচার চলবে।
সম্পূরক প্রশ্নে হান্নান মাসউদ বলেন, বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে ঋণ খেলাপির দিক থেকে চ্যাম্পিয়ন। অন্যতম শীর্ষ ঋণ খেলাপি প্রতিষ্ঠান এস আলমের মালিকানাধীন এসএস পাওয়ারকে ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ ডলারের এলসি খোলার অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এস আলম গ্রুপের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বর্তমানে ঋণের পরিমাণ ২ লাখ ২৫ হাজার কোটি টাকারও বেশি। তিনি জানতে চান- সরকার এসব ঋণ খেলাপি প্রতিষ্ঠানকে নিলামে তুলে কিংবা রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠানে পরিণত না করে, বিশেষ ঋণ দেওয়ায় মূলত ঋণ খেলাপিদের উৎসাহিত করছে কিনা, এর মাধ্যমে বিদেশি ঋণদাতারা বিভিন্ন ক্ষেত্রে অনুৎসাহিত হবে কিনা?
জবাবে মন্ত্রী বলেন, জনগণের মাথাপিছু ঋণের বোঝা কমানোর লক্ষ্যে সরকার রাজস্ব আহরণ বৃদ্ধি, সরকারি অর্থের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার ওপর গুরুত্বারোপ করছে। সরকারি নিজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে ঋণের প্রয়োজনীয়তা কমানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে সরকারি ব্যয়কে অধিকতর সাশ্রয়ী ও ফলপ্রসূ করার এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের অর্থায়ন চাহিদা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জনগণের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা
কুষ্টিয়া-১ আসনের রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা।
তিনি বলেন, জনগণের ওপর ঋণের বোঝা কমাতে রাজস্ব আয় বাড়ানো, সরকারি অর্থের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। সরকারি নিজস্ব আয় বাড়িয়ে ঋণের প্রয়োজনীয়তা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি ব্যয় সাশ্রয়ী ও ফলপ্রসূ করা এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের অর্থায়নের চাহিদা কমানোর চেষ্টা চলছে।
২০১০ থেকে ২০২৪ পর্যন্ত বিদেশি ঋণ ৮১ দশমিক ৮৩ বিলিয়ন ডলার
কক্সবাজার-৩ আসনের লুৎফর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১০ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিদেশ থেকে ৮১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়া হয়েছে। একই সময়ে সরকারের বৈদেশিক ঋণের বিপরীতে ১৭ দশমিক ১১ বিলিয়ন ডলার আসল এবং ৬ দশমিক ০৪ বিলিয়ন ডলার সুদ পরিশোধ করা হয়েছে।
তিনি আরও জানান, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে বেসরকারিভাবে পরিচালিত ১৩টি বাণিজ্যিক ব্যাংকের অনুমতি দেওয়া হয়েছে।
১৪ লাখের বেশি কৃষকের ঋণ মওকুফ
চুয়াডাঙ্গা-৪ আসনের মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জুলাই ২০২৬ পর্যন্ত ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এ বাবদ ব্যাংকগুলোর পাওনা ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা সরকার পরিশোধ করেছে।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত চোরাচালানিদের কাছ থেকে ২ হাজার ৫১৮ কেজি ৬৬৮ গ্রাম স্বর্ণ এবং ৩৭৭ কেজি ৩৪৮ গ্রাম রৌপ্য বাজেয়াপ্ত করা হয়েছে।
ইন্টারনেট বন্ধে ব্যবসা ও ডিজিটাল লেনদেনে ক্ষতি
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, ২০২৪ সালের ১৮ থেকে ২৩ জুলাই এবং ৫ আগস্ট সকাল থেকে বিকেল পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকায় অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর ব্যবসা পরিচালনাকারী বিপুলসংখ্যক উদ্যোক্তা ও নারী কর্মী সরাসরি ক্ষতিগ্রস্ত হন।
এ ছাড়া ই-কমার্স, অনলাইন টিকিটিং, দেশি-বিদেশি অনলাইন পেমেন্ট, অনলাইন ব্যাংকিং ও মোবাইল আর্থিক লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। বিদেশে থাকা এক কোটির বেশি বাংলাদেশি ওই সময়ে তাদের পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ইন্টারনেট বন্ধের নির্দেশ প্রদানসহ জুলাই-আগস্টের সংগঠিত গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চলছে।
- বিষয় :
- অর্থমন্ত্রী
- সংসদ
- ঋণখেলাপি