রূপপুরে সেফটি ভালভের জট কাটল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১১:১৭
দীর্ঘ প্রায় এক মাসের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সেফটি ভালভের উচ্চচাপ পরীক্ষা সফল হয়েছে। মঙ্গলবার রাতে শুরু হওয়া পরীক্ষা বুধবার রাতে ১৬ মেগাপাসকেল চাপে সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে প্রথম ইউনিটের কমিশনিং প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হলো। এখন পরবর্তী ধাপের পরীক্ষা শেষে গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম ইউনিটের প্রেসার অপারেটেড রিলিফ ভালভ বা সেফটি ভালভের পরীক্ষা মূল ও জরুরি—দুই নিয়ন্ত্রণ কক্ষ থেকেই পরিচালনা করা হয়। প্রথমে নিয়ন্ত্রণ ভালভগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। এরপর মূল সেফটি ভালভের প্রতিক্রিয়া, খোলা-বন্ধ হওয়ার কার্যক্রম ও সতর্কসংকেত পর্যবেক্ষণ করা হয়। সবকিছু সন্তোষজনক পাওয়া গেছে।
প্রকল্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নির্ধারিত পদ্ধতি ও নিরাপত্তা শর্ত মেনেই পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষার আগে ও চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করা হয়। পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে আরেকটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কমিশনিংয়ের প্রতিটি ধাপ যাচাই করেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
রিঅ্যাক্টরের প্রাইমারি সিস্টেমে নিরাপদ চাপ বজায় রাখার সঙ্গে সেফটি ভালভের কার্যকারিতা সরাসরি সম্পর্কিত। ফলে এই পরীক্ষায় সফলতা প্রথম ইউনিট চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এক মাসের জট
সেফটি ভালভের ত্রুটির কারণে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা পিছিয়ে যায়। চলতি বছরের এপ্রিলে প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পর সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে চুল্লির দুটি সেফটি ভালভে ত্রুটি দেখা দেওয়ায় তা সম্ভব হয়নি।
গত সেপ্টেম্বরের শুরুতে রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, ভালভের ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাচ্ছে। তখন নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব হয়নি। পরে সেপ্টেম্বরের মাঝামাঝি তিনি জানান, ওই মাসে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হচ্ছে না।
সমস্যা সমাধানে রাশিয়ার সঙ্গে আলোচনার পর গত ২২ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল রূপপুরে আসে। বাংলাদেশি ও রুশ প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় সেফটি ভালভের পরীক্ষা সম্পন্ন হয়। প্রথম ইউনিট দ্রুত চালুর লক্ষ্যে দ্বিতীয় ইউনিট থেকে একটি ভালভ প্রথম ইউনিটে স্থানান্তরের প্রস্তাবও দিয়েছিল রাশিয়ার পরমাণু প্রকৌশল ঠিকাদারি প্রতিষ্ঠান।
এদিকে আজ বৃহস্পতিবার রূপপুর প্রকল্পে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার কথা। দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের পরিকল্পনা অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মোট সাতটি বিশেষ ফ্লাইটে দ্বিতীয় ইউনিটের সব জ্বালানি দেশে আনা হবে।
- বিষয় :
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র