ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ইসিবি চত্বরে স্টুডিও হামলা

সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিনের জামিন

সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিনের জামিন
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৬:৩১

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে সোমবার ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদ শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী জানান, দুই হাজার টাকার মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। আগামী ২৮ অক্টোবর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

রিমান্ড শেষে গোলাম মহিউদ্দিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন। অন্যদিকে আসামিপক্ষে ঢাকার বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ২৮ অক্টোবর পর্যন্ত দুই হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। ওই দিন হামলাকারীরা ‘ব্রাউনফিশ’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

এ মামলায় ৩০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আলোচিত এ মামলায় তিনি ৪ নম্বর আসামি।

আরও পড়ুন

×