ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

হামের নতুন রোগী ১৩৪৯ শিশু

হামে আরও ৩, ডেঙ্গুতে একজনের মৃত্যু

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৩০০ জন

হামে আরও ৩, ডেঙ্গুতে একজনের মৃত্যু
×
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০৮:৩২

| প্রিন্ট সংস্করণ

দেশে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে মারা গেছেন একজন। এ নিয়ে চলতি মাসের ৯ দিনে ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

হামের নতুন রোগী ১৩৪৯ শিশু
২৪ ঘণ্টায় উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৬৮ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৮১ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী এক হাজার ৩৪৯ শিশু। সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে এক হাজার ১৪৭ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। বাকি এক হাজার ৪৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ২৫ হাজার ৯০ শিশু।  
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ দুই হাজার ৮৯৩ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২২ হাজার ১৯৭ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮০ হাজার ৯৭ শিশু। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৭২ হাজার ৭০৫ শিশু।   

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে রয়েছে। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫৭ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। আর নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৬০ জন।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৩০০ জন
দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩০০ জন। এ নিয়ে চলতি মাসের ৯ দিনে মৃত্যু হয়েছে ৫০ জনের এবং মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৩১ জন। 
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৪১, চট্টগ্রামে ৩১৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬, খুলনায় ২৭৪, ময়মনসিংহে ৬৯, রংপুরে ৮০ জন এবং সিলেটে চারজন ভর্তি হয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১৭২ জন।  
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৫১-তে। এ বছর মোট মৃত্যু হয়েছে ২৯৫ জনের। মৃতদের মধ্যে জানুয়ারিতে 
দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জন।

মমেক হাসপাতালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ও ডেডিকেটেড ওয়ার্ডগুলোতে মোট ১২৭ জন চিকিৎসাধীন।
শুক্রবার দুপুরে মমেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। মারা যাওয়া ব্যক্তিরা 
হলেন– ময়মনসিংহের নান্দাইল উপজেলার মিনহাজ (১৮), ফুলবাড়িয়া উপজেলার হারিছা বেগম (৬৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার মরিয়ম (৪৫)। 

চাঁপাইনবাবগঞ্জে একজনের মৃত্যু 
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসকান আরা মিম নামে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেন। 
মিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মাহবুব আলমের মেয়ে। ড. মাহবুব হাসান বলেন, মিম ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়। হাসাপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)

আরও পড়ুন

×