মালিকপক্ষ কাল প্রস্তাব দেবে, আশা মজুরি বোর্ড চেয়ারম্যানের
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক, নিজস্ব প্রতিবেদক, সাভার, গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৮:০০ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ১২:৩১
| প্রিন্ট সংস্করণ
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রস্তাব মালিকপক্ষ আগামীকাল সোমবারের বৈঠকে দেবে বলে আশা করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। গতকাল শনিবার বিকেলে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘২৩ নভেম্বর সভা হবে, সেটি আমরা আগেই ঘোষণা করেছি। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছি। আমি কাউকে প্রস্তাব দিতে বাধ্য করতে পারছি না। প্রস্তাব না দিলে আমরা আইন অনুযায়ী চলব। আমার যে প্রক্রিয়া, সূচক ও নির্দেশক রয়েছে, সেগুলো অনুসরণ করেই কাজ করব।’
মালিকপক্ষ প্রস্তাব না দিলেও আইনি প্রক্রিয়ায় নতুন মজুরি নির্ধারণের কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
ন্যূনতম মজুরি নির্ধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে দলটি পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টস লিমিটেড কারখানা পরিদর্শন করে। পরিদর্শনকালে চেয়ারম্যান কারখানার সার্বিক কর্মপরিবেশ ঘুরে দেখেন এবং শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শ্রমিকদের বর্তমান বেতন কাঠামো, পরিবারের নির্ভরশীল সদস্য সংখ্যা, জীবনযাত্রার ব্যয়, প্রত্যাশা এবং কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার খোঁজখবর নেন। পাশাপাশি তিনি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মালিকপক্ষের সুবিধা-অসুবিধা এবং সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নেন।
কারখানা থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আজাদ সুবহানী। তিনি বলেন, এটি একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ বা সরেজমিন তথ্য সংগ্রহ কার্যক্রম। নিয়মিত দাপ্তরিক কাজ ও সভার ফাঁকে আইন অনুযায়ী সাক্ষ্য ও তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে কারখানাগুলো পরিদর্শন করছেন তিনি।
মালিক বা শ্রমিক–কোনো পক্ষের সঙ্গে বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘শ্রমিকদের সঙ্গে আমাদের বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই এবং এমন কিছু ঘটেওনি, কারণ আমাদের বোর্ডে শ্রমিক প্রতিনিধি রয়েছেন। মালিক পক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কিনা, তা বলার সময় এখনও আসেনি।’
মজুরি নির্ধারণে কোনো ধরনের চাপ অনুভব করছেন কিনা, জানতে চাইলে আজাদ সুবহানী বলেন, তিনি কোনো দিক থেকেই চাপ অনুভব করছেন না। তিনি বলেন, ‘আমি কাউকে বাধ্য করতে পারছি না, তবে কেউ যদি প্রস্তাব নাও দেন, তবু আমরা আইনানুগ প্রক্রিয়ায় চলব। আইনত আমার যেসব মেকানিজম, ইন্ডিকেটর এবং ইনডেক্স রয়েছে, সেগুলো অনুসরণ করে কাজ করব।’
আশুলিয়ায় ৮০ কারখানা বন্ধ
শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মজুরি বাড়ানোর দাবিতে বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভের মুখে নিরাপত্তার স্বার্থে গতকাল শনিবার অন্তত ৮০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা। নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও দুটি কারখানায়। সব মিলিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়।
গতকাল সকালে অধিকাংশ কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা কারখানায় গেলেও উৎপাদনকাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন। কোথাও কোথাও শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির ঘটনা ঘটলে পরিস্থিতি বিবেচনায় ৮০ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
৮০ শতাংশ কারখানা খোলা
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল গাজীপুরের প্রায় ৮০ শতাংশ তৈরি পোশাক কারখানা খোলা ছিল। একই হারে শ্রমিক কাজে যোগ দিয়েছেন। সকালে নির্ধারিত সময়েই শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা যায়। প্রধান ফটকে পরিচয়পত্র যাচাই করে তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেন নিরাপত্তাকর্মীরা।
- বিষয় :
- মজুরি বৈষম্য
- মজুরি বোর্ড