ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মালিকপক্ষের মজুরির প্রাথমিক প্রস্তাব, আজও আলোচনা

মালিকপক্ষের মজুরির প্রাথমিক প্রস্তাব, আজও আলোচনা
×
×

পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকরা (ফাইল ছবি)

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ০৮:৫৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ০৯:৩৯

| প্রিন্ট সংস্করণ

নতুন মজুরি কাঠামো নিয়ে প্রাথমিক প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে আলোচনা শেষ না হওয়ায় প্রস্তাবের মজুরির পরিমাণ প্রকাশ করা হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার আবার বসবে নিম্নতম মজুরি বোর্ড। এটি হবে নতুন মজুরি বোর্ডের চতুর্থ সভা। এদিকে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে সভার কাজ শুরু হয়। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এতে সভাপতিত্ব করেন। সভায় গতকাল প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

সভায় নিয়মিত সদস্যদের বাইরে মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, সংগঠনের সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল ও শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু উপস্থিত ছিলেন। 

বৈঠকে বিকেলের বিরতিতে সাংবাদিকদের ব্রিফ করা হয়। এতে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ না হওয়ায় মালিকপক্ষের প্রস্তাবিত পরিমাণ প্রকাশ করা হচ্ছে না। আলোচনা শেষে তা প্রকাশ করা হবে। এ সময় এক সাংবাদিক জানতে চান, বাজারে খবর রয়েছে, মালিকদের প্রস্তাবিত পরিমাণ ১৪ হাজার ৫০০ টাকা। আসলেই তাই কিনা– এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রস্তাবিত পরিমাণ এর চেয়ে অনেক বেশি।’ মজুরি বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি প্রস্তাব করা হয়েছে। এখন শ্রমিক ও মালিকপক্ষ উভয়ে এসব মজুরি প্রস্তাব পর্যবেক্ষণ করবে। তারপর আবার দুই পক্ষই সংশোধিত প্রস্তাব দিতে পারে। 

মালিকদের প্রস্তাব অপর্যাপ্ত 
ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষের প্রস্তাব অযৌক্তিক, অপর্যাপ্ত। এ প্রস্তাব শ্রমিকপক্ষের দাবির ধারেকাছে নেই। তবে এটি চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনা এগিয়ে নিতে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেবে। মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করবে বলে আশা করছেন তারা।

বাবুল আখতার বলেন, ‘মালিকপক্ষ একটু কম দিয়ে প্রস্তাব শুরু করেছে। তবে এটাই চূড়ান্ত নয়। আমরা চেষ্টা করছি আলোচনা করে একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাতে।’ আলোচনায় ২০২৩ সালের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রসঙ্গও তুলে ধরেন শ্রমিকপক্ষের এ প্রতিনিধি। তিনি বলেন, ওই সময় শ্রমিকপক্ষের দাবি ছিল ২৩ হাজার টাকা। শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। সে সময় মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল প্রায় ১০ হাজার ৪০০ টাকা।

বাবুল আখতারের ভাষ্য, আগের বারের মতো এবারও প্রাথমিক প্রস্তাবের পর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি মজুরি বোর্ডের মাধ্যমে নিষ্পত্তি হবে। উৎপাদন বন্ধ রাখার পক্ষে শ্রমিক সংগঠনগুলো নয়। শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় তাদের দাবির প্রতি সহানুভূতি থাকলেও উৎপাদন অব্যাহত রাখা জরুরি।

আজ দুপুর ২টায় আবার বসছে সভা
মালিক ও শ্রমিকপক্ষের প্রাথমিক প্রস্তাবের ওপর গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত আলোচনা চলে। তবে দুই পক্ষের প্রাথমিক প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় আলোচনা শেষ হয়নি। আলোচনা এগিয়ে নিতে আজ দুপুর ২টায় আবার মজুরি বোর্ডের বৈঠক বসছে। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করে মালিকপক্ষের প্রস্তাব এবং মজুরি বোর্ডের চতুর্থ  সভার বিস্তারিত জানানো হবে। 

মজুরি বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ 
গতকাল সকাল থেকেই মজুরি বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে পোশাক খাতের কয়েকটি শ্রমিক ফেডারেশন। তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবি করে। দুপুরে এক পর্যায়ে মজুরি বোর্ড কার্যালয়ে ঢুকে পড়েন শ্রমিক ফেডারেশনের কর্মীরা। সেখানেও তারা একই দাবিতে মিছিল করেন। 

এক পর্যায়ে মজুরি বোর্ডে স্মারকলিপি দেন তারা। তাতে ৩০ হাজার টাকা মজুরি, শ্রমিকদের ওপর দমনপীড়ন বন্ধের দাবির কথা বলা হয়।  

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাক খাতে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি ঘোষণা ও কার্যকর হয়। পরের মাস থেকে বর্ধিত মজুরি পেয়ে আসছেন শ্রমিকরা। সাধারণত পাঁচ বছর পরপর পোশাক খাতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে মজুরি পুনর্নির্ধারণ করা হয়। তবে গত ১০ এপ্রিল শ্রম আইন সংশোধন বিল সংসদে পাস হয়। এতে মজুরি পুনর্নির্ধারণের সময় পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়। 

আরও পড়ুন

×