ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আগের চেয়ে এবার মজুরি বৃদ্ধির হার বেশি: শ্রমমন্ত্রী

আগের চেয়ে এবার মজুরি বৃদ্ধির হার বেশি: শ্রমমন্ত্রী
×
×

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ১৮:০৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ | ১৮:১২

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৩ সালে মজুরি বোর্ড সর্বনিম্ন গ্রেডে বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির ভিত্তিতে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করেছিল। এবার ২০২৬ সালে ১২ শতাংশ হারে বছরওয়ারি মজুরি বৃদ্ধির ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ফলে আগের বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি মজুরি বৃদ্ধির হারের তুলনায় এবার বৃদ্ধির হার বেশি।

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি আগের চেয়ে বেশি হারে বাড়ানোর সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডের মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ২০২৩ সালে এই গ্রেডে ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। এবার বছরওয়ারি মজুরি বৃদ্ধির হার ১১ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। বুধবার শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বর্তমান বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্য বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামোর সুপারিশ করা হয়েছে। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ওপর দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প দাঁড়িয়ে আছে। তাঁদের সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা জরুরি।

শিল্প খাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে মালিকদের প্রতিও আহ্বান জানান তিনি।

আরিফুল হক আরও বলেন, শ্রম আইন সংশোধনের মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। এখন থেকে প্রতি তিন বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মজুরির সমন্বয় করতেও সহায়তা করবে।

শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাতটি শিল্পঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এলাকাগুলো হলো টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রাম। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×