তথ্য সচিবকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, স্বাক্ষর জালের কথাও বলল অধিদপ্তর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০৩:৪৮
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে তথ্য অধিদপ্তর। একই সঙ্গে অধিদপ্তরের একজন সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তার স্বাক্ষর জাল করে সরকারের উচ্চপর্যায়ের দপ্তরে বিভ্রান্তিকর চিঠি পাঠানোর অভিযোগও করেছে সংস্থাটি।
বুধবার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু ও স্বার্থান্বেষী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাহবুবা ফারজানার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অধিদপ্তরের একজন সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তার স্বাক্ষর জাল করে তাঁর নামে সরকারের উচ্চপর্যায়ের দপ্তরে একটি বিভ্রান্তিকর চিঠি পাঠানো হয়েছে। ওই কর্মকর্তা এ বিষয়ে কিছুই জানেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মাহবুবা ফারজানা বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। তার কর্মজীবনের বিবরণ তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরির প্রায় ২৬ বছর তাকে এন্ট্রি লেভেল, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পদে দায়িত্ব পালন করতে হয়েছে। আগের সরকারের আমলে আটবার তাঁকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়। এমনকি ছয় বছর নিজের চেয়ে তিন ব্যাচের জুনিয়র কর্মকর্তাদের অধীনেও কাজ করতে হয়েছে তাকে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তার পদোন্নতির বিষয়টি পর্যালোচনা করে নিয়ম অনুযায়ী তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা, বিধিবিধান ও জবাবদিহিকে প্রাধান্য দিয়েছেন। তথ্য মন্ত্রণালয়কে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিচালনার চেষ্টা করেছেন।
এতে আরও বলা হয়, মাহবুবা ফারজানা ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রমেও বিধিবিধান অনুসরণ করেছেন তিনি। কোনো বিশেষ গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেওয়া কিংবা প্রশাসনিক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ রক্ষার সুযোগ দেননি বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
তথ্য অধিদপ্তর বলেছে, একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার অনভিপ্রেত এবং তা রাষ্ট্রীয় প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যথায় অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- তথ্য অধিদপ্তর