সাবেক ওসি অপূর্ব হাসান ও তার স্ত্রীর সম্পদ জব্দের আদেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০৫:০০
ঢাকার পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. রাসেল রনির সই করা আবেদনে বলা হয়, অপূর্ব হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধান করছে কমিশন। এ ছাড়া ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যার অভিযোগও আবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার অভিযোগ দুদকের তফসিলভুক্ত অপরাধ নয়। ঘুষ ও দুর্নীতিসংক্রান্ত অপরাধ দুদকের তফসিলভুক্ত। অপূর্ব হাসানের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাধুহাটি গ্রামে।
দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধানে অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের নামে জমি, প্লট, ব্যাংকে জমা অর্থ ও মেয়াদি আমানতসহ বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের তালিকাও আবেদনের সঙ্গে আদালতে জমা দেওয়া হয়েছে।
আবেদনে আরও বলা হয়, অপূর্ব হাসান ও তার স্ত্রী তাদের নামে থাকা সম্পদ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদ সরিয়ে ফেলা হলে পরবর্তী সময়ে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে তাদের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।
আদালতে আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি হয়। শুনানি শেষে সংশ্লিষ্ট সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ দেন বিচারক।
- বিষয় :
- দুদক