ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

চার জেলায় চার প্রতিষ্ঠানে দুদকের অভিযান

চার জেলায় চার প্রতিষ্ঠানে দুদকের অভিযান
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০৪:৫৪

সরকারি অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ, নিম্নমানের সড়ক নির্মাণ ও ভূমিসেবা দিতে হয়রানির অভিযোগে দেশের চার জেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার এসব অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম।

চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) মালামাল সরবরাহ না করে বিল উত্তোলনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালানো হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহের একটি দল এ অভিযান পরিচালনা করে।

দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, টিটিসির মালামাল কেনাকাটায় অতিরিক্ত দর দেখিয়ে ভাউচার তৈরি করা হয়েছে। মালামাল সরবরাহ না করেই বিল উত্তোলন করা হয়েছে। এ ছাড়া জ্বালানি ব্যবহারে অনিয়মের অভিযোগও রয়েছে।

অভিযানকালে টিটিসি কর্তৃপক্ষের কাছ থেকে সাম্প্রতিক বছরগুলোর সরকারি বরাদ্দ, কেনাকাটা ও জ্বালানি ব্যয়ের নথিপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম। এসব নথি ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে দুদক জানিয়েছে।

এদিকে বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের আওতায় প্রশিক্ষণার্থীদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণ এবং প্রশিক্ষণ ভাতা আত্মসাতের অভিযোগে খুলনা বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালানো হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে প্রকল্পের আওতায় মোটরযান চালনা প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন দুদকের কর্মকর্তারা। কয়েকজন প্রশিক্ষণার্থী জানান, পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে আড়াই হাজার টাকা করে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রকল্পের বিধিমালা অনুযায়ী মাস শেষে নির্ধারিত প্রশিক্ষণ ভাতা দেওয়ার কথা থাকলেও তাঁরা তা পাননি।

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রাস্তা নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দরপত্রের শর্ত অনুযায়ী কাজ না করার অভিযোগেও অভিযান চালিয়েছে দুদক। কুড়িগ্রাম কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন একটি এবং উলিপুর পৌরসভার অধীন দুটি নির্মাণাধীন রাস্তা পরিদর্শন করা হয়। নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে রাস্তার বিভিন্ন অংশের পরিমাপ নেওয়া হয়। নির্মাণকাজের মান যাচাইয়ের জন্য পরীক্ষাগারে পাঠাতে বিভিন্ন অংশ থেকে নমুনাও সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা।

অন্যদিকে, জমি নামজারিতে সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি, সেবাগ্রহীতাদের হয়রানি ও ভূমিসেবায় অনিয়মের অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালানো হয়। দুদকের চাঁদপুর কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুদকের কর্মকর্তারা ছদ্মবেশে সেবাপ্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও ভোগান্তির তথ্য নেন। পরে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তার কক্ষে গিয়ে তাৎক্ষণিক সমাধানযোগ্য কয়েকটি সমস্যার নিষ্পত্তি করা হয়। এ ছাড়া নামজারি, মিসকেস ও অন্যান্য নথি যাচাই করে সেবাপ্রদানে বিধিবিধান অনুসরণ করা হচ্ছে কি না, তা পর্যালোচনা করেন তাঁরা।

আরও পড়ুন

×