ট্রাম্পের নতুন শুল্ক হুমকি
চীনের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ফের বাণিজ্য যুদ্ধের শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০৩:৫৪
বিশ্ব বাণিজ্যের কাঠামো নতুন করে সাজানোর উদ্যোগের অংশ হিসেবে চীনের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে শুধু চীনা পণ্যের ওপর নয়, বরং চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা অন্যান্য দেশগুলোর ওপরও চাপ তৈরি করছে ওয়াশিংটন। এতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ শুল্ক আরোপের পদক্ষেপ চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতার সীমার মধ্যেই রয়েছে। তবে ভবিষ্যতে আরও শুল্ক বাড়ানোর সুযোগ রেখেছে ওয়াশিংটন। আগামী মাসে মায়ামিতে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে সম্ভাব্য চতুর্থ বৈঠক এবং ১০ জানুয়ারি বর্তমান বাণিজ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এ পদক্ষেপ দুই দেশের আলোচনায় নতুন চাপ তৈরি করতে পারে।
আবারও কি উত্তপ্ত হবে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক?
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্ব বাণিজ্যব্যবস্থা পুনর্গঠনের এ উদ্যোগ শুরু হয়েছিল ২০২৫ সালের এপ্রিল মাসে। সেই সময় তাঁর ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ওই শুল্কের আওতায় প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর শুল্ক বাড়ানো হয়েছিল। তবে চীনই একমাত্র দেশ হিসেবে পূর্ণ শক্তিতে এর পাল্টা জবাব দিয়েছিল।
পরিস্থিতি এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছায়, দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক তিন অঙ্কের ঘরে ওঠে। অন্যদিকে, বিরল খনিজ পরিশোধনে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে চীন। এর ফলে গাড়ি উৎপাদন থেকে প্রতিরক্ষা শিল্প পর্যন্ত বিশ্বের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়ে।
পরবর্তী সময়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। চলতি মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উষ্ণ অভ্যর্থনা এবং বিমানবন্দরে ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানানোর ঘটনাও আপাতত বড় ধরনের উত্তেজনা তৈরির সম্ভাবনা কম থাকার ইঙ্গিত দিচ্ছে।
এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির ওপর আরোপিত নিয়ন্ত্রণ স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে বেইজিং। একই সময়ে চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান জিয়ামেন এয়ারলাইন্স বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ৫০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। এসব পদক্ষেপ দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতা এখনও কার্যকর থাকার ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের হাতে আরও শুল্ক বাড়ানোর সুযোগ থাকলেও এর মূল্যস্ফীতির প্রভাব নিয়ে সতর্ক থাকতে হবে ওয়াশিংটনকে। চলতি মাসে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে উঠে এসেছে।
ব্রাজিল ও চীনের প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের হুমকির কাছে নতি স্বীকার করবে না ব্রাজিল। অন্যদিকে, ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাজনৈতিক কারসাজির’ অভিযোগ তুলেছে চীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৪টি বড় বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণার পর দেশ দুটি এমন প্রতিক্রিয়া জানিয়েছে।
বুধবার ব্রাজিল সরকার এক বিবৃতিতে বলেছে, ‘ব্রাজিল এ ধরনের হুমকির কাছে নতি স্বীকার করবে না।’ বিবৃতিতে আরও বলা হয়, চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত গ্রহণ অগ্রহণযোগ্য।
ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের এক মুখপাত্র দেশটির বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কোনো হুমকি দেননি তিনি।
বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করতে চায় ভারত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করে নতুন বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে ভারত। ওয়াশিংটনের নতুন শুল্ক আরোপের পরিকল্পনার প্রতিক্রিয়ায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ অবস্থান জানিয়েছে।
বিবৃতিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যত দ্রুত সম্ভব বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
নতুন প্রস্তাব অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হলে এই হার কমে ১৭ শতাংশ হতে পারে।
গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি (বিটিএ) নিয়ে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছিলেন। তবে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতের কারণে আলোচনা পিছিয়ে যায়। চলতি বছর আবারও আলোচনা এগোতে শুরু করে।
- বিষয় :
- চীন
- যুক্তরাষ্ট্র
- বাণিজ্য চুক্তি