ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ১০:২৩

সশস্ত্র বাহিনী দিবস-২০১৯ উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত সদস্য এবং ২০১৮-১৯ সালের শান্তিকালীন পদকজয়ী সেনা সদস্যদের সম্মানে সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। খবর বাসসের।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ৩ বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়, ৫ বীরউত্তম, ১২ বীরবিক্রম ও ৩০ বীরপ্রতীক এবং অন্য ২৫ জন মুক্তিযোদ্ধাসহ মোট ৭৫ জন সেনা সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে ২০১৮-১৯ সালে শান্তিকালীন বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৬ জনকে 'অসামান্য সেবা পদক' এবং ১৭ জনকে 'বিশিষ্ট সেবা পদক' পরিয়ে দেন সেনাপ্রধান। জেনারেল আজিজ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্য, তাদের নিকটাত্মীয় ও শান্তিকালীন পদকপ্রাপ্তদের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। সেনা সদরসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। এর অংশ হিসেবে সেনানিবাসে খুঁটি তৈরির কাজ চলছে। তিনি বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮৭ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের জন্য ইতিমধ্যে সরকার অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন

×