নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও এক মামলা
নুরুল হক নুর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১ | ০৫:৪৫
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা হয়েছে। রোববার করা এ মামলার বাদী ইলিয়াস হোসেন নিজেকে একজন সংগীতশিল্পী বলে দাবি করেছেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার ধর্মীয় উস্কানি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন বক্তব্য দেওয়ার অভিযোগে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। রোববার রাজধানীর শাহবাগ থানায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব মামলাটি দায়ের করেন।
ইলিয়াস হোসেনের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৪ এপ্রিল নুর তার পেসবুক পেজ থেকে দেওয়া লাইভ বক্তব্যে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে- এমন আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দেন। তার ওই বক্তব্যের নিচে অনেকে লাইক দিয়েছেন ও মন্তব্য করেছেন। ওইসব মন্তব্যের ভেতর সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য আছে।
এতে আরও অভিযোগ করা হয়, নুরের বক্তব্য আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত হানে। তার বক্তব্যের উদ্দেশ্য ছিল দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার অবনতি, বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির মধ্যে শত্রুতা, বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা।
নুর ও তার সহযোগী-সমর্থকদের আইনের আওতায় আনা গেলে আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ ও দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
