ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সাংবাদিকদের পরামর্শ নিয়ে উপকৃত হই: পরিকল্পনামন্ত্রী

সাংবাদিকদের পরামর্শ নিয়ে উপকৃত হই: পরিকল্পনামন্ত্রী
×

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান- সমকাল

চবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৯:৩৮

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যার মাধ্যমে দেশের সুশীল সমাজ, নাগরিক সমাজ ও এ দেশের প্রকৃত মালিক জনগণের মতামত প্রতিফলিত হয়।

সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকার কারণে দেশ পরিচালনাকারীরা জানতে পারেন, বুঝতে পারেন ও ভুল শুধরাতে পারেন। আমি নিজেও সাংবাদিকদের পরামর্শ নিয়ে উপকৃত হই। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'আমাদের সম্পদ সামান্য। এ সম্পদ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোতে সুন্দর, সুশৃঙ্খল ও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করুক, যেখানে পড়াশোনা হবে, গবেষণা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন, 'সফলতা একদিনে আসে না, সফল হতে হলে প্রয়োজনের অতিরিক্ত কাজ করতে হয়। আজ যারা সফল মানুষ, তারা সবাই পরিশ্রমের মাধ্যমেই উঠে এসেছেন। মনের মাধুরী মিশিয়ে প্রেম-ভালোবাসা দিয়ে যে কাজ করা হবে, সে কাজে অবশ্যই সফলতা আসবে। জীবনের উদ্দেশ্য ঠিক করতে হবে।

উদ্বোধকের বক্তব্যে উপাচার্য শিরীণ আখতার বলেন, 'গত ২৫ বছরে সাংবাদিকতা বিভাগ অনেক এগিয়ে গেছে। বর্তমানে বিভাগে অত্যাধুনিক ল্যাব হয়েছে। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলা। তাই ভবন না বানিয়ে শিক্ষার্থীদের যোগ্য করতে মনোযোগ দিচ্ছি।'

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বলেন, 'অ্যালামনাই শুধু একদিন অনুষ্ঠান করে খাওয়া-দাওয়া করার জন্য নয়। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে আমাদের কাজ করতে হবে।'

এর আগে সকাল সাড়ে ১০টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে ২৫ বছর পূর্তির বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাজবিজ্ঞান অনুষদের সামনে রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য। এরপর অনুষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী ফারজানা করিম ও তাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ এবং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল ও সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ।

বিকেলে বিভাগের বর্তমান শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর কলা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক হায়াৎ হোসেনকে বিভাগের প্রথম সভাপতি নিয়োগ দেওয়ার মাধ্যমে চবি সাংবাদিকতা বিভাগের যাত্রা শুরু হয়।

আরও পড়ুন

×