স্যার ফজলে হাসান আবেদ অবিস্মরণীয় ব্যক্তিত্ব: ড. হোসেন জিল্লুর
ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৮
ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, স্যার ফজলে হাসান আবেদ অসাধারণ দায়িত্ববোধ, সহমর্মিতার গভীর জীবন-দর্শন ও নিরলস শ্রমের এক অবিস্মরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব। স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটারও ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা থাকে- এ বিশ্বাসে ভর করেই সফলভাবে গড়েছেন বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাক। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ যা সারাবিশ্বে সমাদৃত। কিন্তু ওই সাহস, ওই আকাঙ্ক্ষা একেবারেই শেকড় থেকে আসা। চলে যাওয়ার বেদনার এ মুহূর্তেও পরপার থেকে তার স্মিত হাসি তাই ভরসা দিচ্ছে সহমর্মিতা, দায়িত্ববোধ ও শ্রম আঁকড়ে ধরে আরও বহুদূর যাওয়া যাবে, যেতে হবে। কারণ, পৃথিবীতে ভাগ্যবিড়ম্বিত মানুষের সংখ্যা এখনও অগণিত।
শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্যার ফজলে হাসান আবেদ এমনভাবে ব্র্যাককে গুছিয়ে রেখে গেছেন, সেখানে যে কারও দায়িত্ব পালন করতে কিংবা নেতৃত্ব দিতে কোনো সমস্যাই হবে না। তার দেখানো পথেই ব্র্যাক এগিয়ে যাবে। তিনিও দায়িত্ব পালনে স্যার ফজলে হাসান আবেদকেই অসুসরণ করবেন বলেও জানান।
গত ৬ আগস্ট ব্র্যাকের চেয়ারপারসন পদ থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন স্যার ফজলে হাসান আবেদ। অবসর নিলেও তিনি 'চেয়ার ইমেরিটাস' পদে নতুন ভূমিকায় থাকার কথা জানান। এর পরপরই সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও 'পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি)' প্রতিষ্ঠাতা ড. হোসেন জিল্লুর রহমানের নাম ব্র্যাকের নতুন চেয়ারপারসন হিসেবে ঘোষণা করা হয়।
