নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
'বিচ্ছুরণ'র চূড়ান্ত পর্বে অতিথিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩৫
দেশজুড়ে আয়োজিত নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা 'বিচ্ছুরণ'র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
নবায়নযোগ্য শক্তিতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইয়াং বাংলা; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল এবং গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির উদ্যোগে গত দুই মাসব্যাপী দেশজুড়ে এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩০টি উদ্যোক্তা দলের মধ্য থেকে শীর্ষ ১০ উদ্ভাবনী আইডিয়া বাছাই করেন বিচারকরা।
পরে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে শীর্ষ দলগুলোর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
নির্বাচিত সেরা ১০টি প্রজেক্ট বাস্তবায়নের জন্য আর্থিক তহবিল এবং সার্বিক কারিগরি সহায়তা প্রদান করবে সরকারের পাওয়ার সেল, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি এবং ইয়াং বাংলা।
সারাদেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উদ্ভাবনী আইডিয়া খোঁজার এই প্রতিযোগিতা 'বিচ্ছুরণ' গত ২১ অক্টোবর থেকে শুরু হয়।
পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে চলে সেমিনার ও কর্মশালা। ১৮ নভেম্বর পর্যন্ত ৫০টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণামূলক ক্যাম্পেইনের ফলে জমা পড়ে সাতশ'র বেশি উদ্ভাবনী আইডিয়া।
প্রতিযোগিতায় বিজয়ী দলগুলো জানায়, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে সহায়তা করবে নিজেদের উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে। সেই সঙ্গে তরুণদের আত্মবিশ্বাসী করে তুলতেও এ ধরনের উদ্যোগ সহায়তা করবে বলে জানায় তারা।
- বিষয় :
- বিচ্ছুরণ
- নবায়নযোগ্য শক্তি
- প্রতিযোগিতা
