ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে মনোচিকিৎসক কেন নয়: হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে মনোচিকিৎসক কেন নয়: হাইকোর্ট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০ | ০৫:১১

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পেশাদার বিশেষজ্ঞ মনোচিকিৎসক (ক্লিনিক্যাল সাইকোলজিস্ট) বা পরামর্শক (কাউন্সেলর) নিয়োগে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এক রিটের শুনানি নিয়ে এই রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিবসহ ৬ বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলর নিয়োগের বিষয়ে গত ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া হাইকোর্টে একটি রিট দায়ের করেন।

ওই রিটে অবক্ষয় রোধ, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলর বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের নির্দেশনা চাওয়া হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে আবেদনকারী আইনজীবী ফরহাদ উদ্দিন নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আদেশের পর ফরহাদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সংবিধানের ১৫(ক) ও ৩২ অনুচ্ছেদ অনুসারে দেশের প্রতিটি নাগরিকের উপযুক্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। এগুলো নিশ্চিতের বিষয়ে রাষ্ট্রকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু ক্রমাগত তথ্যপ্রযুক্তির ব্যাপ্তির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকাসক্তি, যৌন হয়রানি ও আত্মহত্যা চেষ্টা, হত্যাসহ নানারকম নৈতিক অবক্ষয়, বেপরোয়া জীবনযাপন, ব্যক্তিত্বের সংকট, পড়াশোনায় অমনোযোগিতা, অস্থিরতা ও বিশৃঙ্খল জীবনযাপনের ঘটনা ঘটছে।

তিনি বলেন, সাম্প্রতিককালে এ বিষয়গুলো আশঙ্কাজনকভাবে আরও বেড়েছে। এ বিষয়গুলো নিয়ি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলর বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন। তাই আমাদের ভবিষ্যত প্রজন্মকে অনিশ্চিত পরিণতি থেকে রক্ষা করতে হাইকোর্টে এ রিটটি করা হয়েছে।

আরও পড়ুন

×