ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

তীব্র শীতের সম্ভাবনা নেই চলতি সপ্তাহে

তীব্র শীতের সম্ভাবনা নেই চলতি সপ্তাহে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ১২:১২

তীব্র শীত থেকে খানিকটা মুক্তি মিলছে। উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা রয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। কয়েকটি অঞ্চলে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমলেও এখনই শৈত্যপ্রবাহে কাবু হওয়ার সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ এ ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এ অঞ্চলে দিনের তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে উত্তরাঞ্চলের অন্যান্য অঞ্চলে রাতের তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও দিনে ছিল কিছুটা উষ্ণতা। কোথাও কোথাও দিনের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস সমকালকে বলেন, রাতে প্রায় সব মানুষই ঘরে উষ্ণতার ভেতরে থাকেন। তারা ঘরের বাইরে পা রাখেন সকালে। তখন তাপমাত্রা বাড়তিই থাকছে। ফলে দিনের বেলায় শীতের তীব্রতা ততটা অনুভূত হচ্ছে না। দক্ষিণাঞ্চলে আকাশে মেঘ দেখা যাচ্ছে। বেশিরভাগ এলাকায় আকাশ শুস্ক। আগামী এক সপ্তাহে তীব্র শীত নামার সম্ভাবনা নেই।

শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশে সূর্য কিরণ ছড়ায়। রাতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি থাকলেও দিনে সেটি গিয়ে দাঁড়ায় ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া অতিরিক্ত যানবাহন এবং ঘনবসতির কারণে ঢাকায় এমনিতেই শীতের তীব্রতা কম থাকে বলে মনে করেন আবহাওয়াবিদরা।

এদিকে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টার হিসাবে সারাদেশে প্রায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতে বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও দিনে আকাশ পরিস্কার ছিল। আজ কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন

×