ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে সাংবাদিক কাজলের আবেদন

মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে সাংবাদিক কাজলের আবেদন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৩২ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৩৩

ডিজিটাল নিরাপত্তা আইনে করা তিন মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। 

বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে এ আবেদন করা হয়। ওই বেঞ্চের কার্যতালিকা অনুসারে চলতি সপ্তাহে শুনানি হতে পারে। 

মঙ্গলবার কাজলের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

২০২০ সালের ৯, ১০ ও ১১ মার্চ কাজলের বিরুদ্ধে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ সাইফুজ্জামান শিখর, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমান আরা বেলী এবং সুমাইয়া চৌধুরী বন্যা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা তিনটি করেন। রাজধানীর শেরেবাংলা নগর, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় এসব মামলা করা হয়।

মামলার অভিযোগে কাজলের বিরুদ্ধে ফেসবুকে মন্ত্রী, সংসদ সদস্য এবং যুব মহিলা লীগের শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন, মানহানিকর, আপত্তিকর ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগ করা হয়েছে। ওই বছরই তিনটি মামলায় অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। গত ৮ নভেম্বর কাজলের বিরুদ্ধে তিন মামলায় অভিযোগ গঠন করেন আদালত।

সাংবাদিক কাজল ২০২০ সালের ১০ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরে ওই বছরের ৩ মে বেনাপোল সীমান্ত এলাকা থেকে তাকে আটক করার দাবি করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০২০ সালের ২৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

আরও পড়ুন

×