হলি ক্রসে অষ্টম আন্তঃকলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল
রাজধানীর হলি ক্রস কলেজে গতকাল শুক্রবার সকালে শুরু হয়েছে দুই দিনব্যাপী অষ্টম আন্তঃকলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল। হলি ক্রস কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে এবারের উৎসবে ৫৫টি কলেজের প্রায় এক হাজার ৯০০ শিক্ষার্থী বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছে সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৪
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর হলি ক্রস কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘অষ্টম আন্তঃকলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল ২০২৬’। গতকাল শুক্রবার সকালে কলেজের অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলি ক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ, ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স সিস্টার পলিন গোমেজ, ক্লাবের মডারেটর ও শিক্ষক শুভেন্দু শেখর চক্রবর্তীসহ শিক্ষক ও ক্লাবের সদস্যরা।
হলি ক্রস কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে এবারের উৎসবে দেশের ৫৫টি কলেজের প্রায় এক হাজার ৯০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। আজ শনিবার বিভিন্ন প্রতিযোগিতা, পরিবেশনা ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে। দুদিনের এ উৎসবে রয়েছে ১৪টি প্রতিযোগিতামূলক পর্ব। এর মধ্যে সাতটি একক এবং সাতটি দলীয়। প্রতিযোগিতাগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভাষাজ্ঞান, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, উপস্থাপনা, সাহিত্যবোধ ও দলগত দক্ষতা যাচাইয়ের পাশাপাশি তাদের মঞ্চনির্ভর প্রতিভা প্রকাশের সুযোগ রাখা হয়েছে। এই আয়োজনের মিডিয়া পার্টনার সমকাল।
গতকাল অনুষ্ঠানের প্রথম দিনে ছিল ওয়াল ম্যাগাজিন, হুইসপার অব ইংক, স্ক্র্যাপবুক, ফ্রম রিডার উইথ লাভ, ল্যাঙ্গুয়েজ চ্যাম্পিয়নশিপ, টার্ন দ্য কোট, ল্যাবিরিন্থ অব লিটারেচার, ব্যাটল অব মাস্টারমাইন্ডস, ট্রিভিজার্ড টুর্নামেন্টসহ বিভিন্ন পর্ব। এর পাশাপাশি ছিল উদ্বোধনী অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ। আজ আয়োজনের দ্বিতীয় দিনে রয়েছে ব্যাটল অব মাস্টারমাইন্ডসের দ্বিতীয় পর্ব, স্পেল মাস্টার, অ্যাক্ট ইট আউট, মুভি কুইজ, ল্যাবিরিন্থ অব লিটারেচারের দ্বিতীয় পর্বসহ বিভিন্ন আয়োজন।
উৎসবের উদ্দেশ্য সম্পর্কে ক্লাবের মডারেটর ও শিক্ষক শুভেন্দু শেখর চক্রবর্তী বলেন, দেশে ইংরেজি শিক্ষার মান এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। ফলে শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি শেখার আগ্রহ তৈরি করতে এ আয়োজন করা হয়েছে। উৎসবটি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার একঘেয়েমি কাটানোর পাশাপাশি ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখছে।
ক্লাবের সদস্য ও শিক্ষার্থী যোহানা নিধি রোজারিও বলেন, এ ধরনের আয়োজন পড়াশোনার বাইরেও শিক্ষার্থীদের নানা জীবনদক্ষতা অর্জনের সুযোগ করে দেয়। ব্যবস্থাপনা, অর্থের হিসাব, সাজসজ্জা ও মানুষের সঙ্গে কাজ করার মতো বাস্তব অভিজ্ঞতা এ উৎসবের মধ্য দিয়ে অর্জিত হয়।
- বিষয় :
- শিক্ষাপ্রতিষ্ঠান