ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দেশে ভিক্ষুক আড়াই লাখ: সমাজকল্যাণমন্ত্রী

দেশে ভিক্ষুক আড়াই লাখ: সমাজকল্যাণমন্ত্রী
×

সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৮:৫৪

দেশে বর্তমানে আড়াই লাখ ভিক্ষুক রয়েছে বলে সংসদকে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ। ভিক্ষুকদের পুনর্বাসনে চলতি অর্থবছরে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

সোমবার সংসদের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। এর আগে বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সরকারি দলের সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, দেশের ভিক্ষুকদের সংখ্যা নির্ধারণের জন্য সমন্বিতভাবে কোনো জরিপ হয়নি। জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালিত জরিপে এ সংখ্যা উঠে এসেছে। এ হিসাবে দেশের শূন্য দশমিক ১৭ শতাংশ মানুষ ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রাথমিকের সব ছাত্রছাত্রীকে বছরের শুরুতে পোশাক, জুতা ও ব্যাগ কেনার জন্য প্রাথমিকভাবে ৫০০ টাকা করে দেওয়ার প্রস্তাব প্রক্রিয়াধীন।

সরকারি দলের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, দেশে সরকার অনুমোদিত ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৪টির কার্যক্রম চলছে। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ভালো। কিছু বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন আছে।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সার্টিফিকেট বাণিজ্য বন্ধ করার জন্য কমিশন থেকে নিয়মিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মনিটর করা হচ্ছে। প্রতিটি প্রোগ্রামের জন্য ক্রেডিট আওয়ার ও সেমিস্টার আগে থেকে নির্ধারণ করার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক আসনের ভিত্তিতে ভর্তি করায় শিক্ষার নামে সার্টিফিকেট বাণিজ্য বহুলাংশে বন্ধ হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর আউটার ক্যাম্পাস বন্ধ এবং অননুমোদিত ক্যাম্পাস বন্ধের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দূরশিক্ষণ কার্যক্রম বন্ধ করা হয়েছে।

বিএনপির সাংসদ হারুনুর রশীদের প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে ২৯ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৬ জনকে চাকরি থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। হাসপাতালের পূর্ত কাজ ছাড়া উপকরণ কেনাকাটা গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত নয় বলেও মন্ত্রী জানান।

এমপি মোজাম্মেলের মৃত্যুতে সংসদে শোক ও মূলতবি : বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মোজাম্মেল হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে রেওয়াজ অনুযায়ী আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করা হয়েছে। গত ১০ জানুয়ারি বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোজাম্মেল হোসেন।

সংসদের বৈঠকের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। এর ওপর আলোচনায় অংশ নেন তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মাহবুব-উল আলম হানিফ, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী আ ফ ম রুহুল হক, আব্দুস শহীদ, আ স ম ফিরোজ, আবুল কালাম আজাদ, মৃণাল কান্তি দাস, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জাতীয় পার্টির পীর ফজলুর রহমান। পরে মোজাম্মেল হোসেনের সম্মানে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এর পর স্পিকার সংসদের বৈঠক মুলতবি করেন।

আরও পড়ুন

×