ক্যাসিনো ইস্যুতে গণপূর্তের প্রকৌশলীসহ তিনজনকে তলব
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৯:৩২
ক্যাসিনোকাণ্ডে জড়িত থেকে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিনসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাদের আগামী বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তলব করা অন্য দু'জন হলেন- ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের (এনডিই) ব্যবস্থাপনা পরিচালক রেজাউন মোস্তাফিজ ও এম জামাল অ্যান্ড কোম্পানির মালিক জামাল উদ্দিন।
ওই চিঠিতে বলা হয়. গ্রেপ্তার ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এসব অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসাসহ নানা উপায়ে অর্জিত শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এমন অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হয়েছে।
- বিষয় :
- দুদক
